২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ছয়টি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১৩৩

বাগদাদের সদর সিটিতে বৃহস্পতিবার পরপর ছয়টি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩৩ ইরাকি নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 10:25 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এদিকে একই দিন ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়েও হামলা চালায় বন্দুকধারীরা।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মেজর জেনারেল জিহাদ আল জাবারি জানান, ছয়টি গাড়িই বিপুল পরিমাণ বিস্ফোরকে ভর্তি ছিল। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়েছে। শহরের ব্যস্ততম ছয়টি এলাকায় গাড়িগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর পুরো শহর থমকে যায়। হতাহত অনেকের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা প্রকাশ করেছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বাগদাদের কেন্দ্র স্থলে স্বান্থ্য মন্ত্রণালয়ে প্রায় ৩০ জন বন্দুকধারী হামলা চালায়। স্বাস্থ্য উপমন্ত্রী হাকিম আল জামিলি রয়টার্সকে বলেন, বাব আল মুয়াধাম এলাকা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ভবন লক্ষ করে বন্দুকধারীরা মর্টার ও মেশিন গাানের গুলি চালায়। ওই সময় মন্ত্রণালয়ের যে কেই বের হলেই মারা যেতে পারত। হামলাকারীদের স্পষ্ট দেখা গেছেও বলে তিনি জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারীরা মন্ত্রণালয় ঘিরে এ হামলা চালায়। তবে নিরাপত্তা রক্ষীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে। এ সময় সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে বলেও তিনি জানান।

তবে হাকিম আল জামিলি অভিযোগ করেছেন, হামলার কথা সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানানো হলেও তাদের দিক থেকে তেমন সাড়া মেলেনি।

কয়েকদিন আগে জামিলির গাড়ি বহরে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনায় তার দুই দেহরক্ষী নিহত হয়। এর দুই দিন আগেই অপর স্বাস্থ্য উপমন্ত্রী আমার আল সাফার বাগদাদে নিজ বাসা থেকে অপহৃত হন।