ইসরাইলি ট্যাঙ্ক হামলায় ফিলিস্তিনি তরুণ নিহত
গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক হামলায় বৃহস্পতিবার এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। হাসপাতাল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক নিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ঢুকে ব্যাপক হামলা চালায়। এতে মারা যায় ১৯ বছর বয়সী ওই তরুণ। এ ঘটনায় আরো একজন আহত হয় বলে এলাকাবাসী জানান।
তারা বলছেন, গত জুনে গাজায় এক ইসরায়েলি সেনা অপহৃত হওয়ার পর এটাই সবচেয়ে বড় অভিযান।
তেল আবিবের অভিযোগ, ফিলিস্তিনি গেরিলারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার জন্য ওই এলাকা ব্যবহার করে আসছে। ইসরাইল হুশিয়ারি দিয়েছে, অপহৃত সেনা জিলাদ শাতিলকে মুক্তি দেওয়া এবং রকেট হামলা বন্ধ না হলে অভিযান চলবে।
এদিকে, জিলাদ শাতিলের বিনিময়ে ইসরাইলের হাতে বন্দি গেরিলাদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য হামাস নেতা খালেদ মেশাল বৃহস্পতিবার কায়রো পৌঁছেছেন।
হামাস নেতা ইজ্জত আল রিশক রয়টার্সকে বলেন, দামেস্কে নির্বাসিত নেতা খালেদ কায়রোয় হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আশা করি, মিশরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ের বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান হবে।
