২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হু’র হোটেলের সামনে তিব্বতির আত্মাহুতির চেষ্টা

চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের ভারত সফরকে কেন্দ্র করে ভারতে নির্বাসিত তিব্বতিরা বেশ কয়েক দিন ধরেই বিক্ষোভ চালিয়ে আসছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Nov 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার মুম্বাইয়ে হু জিনতাওয়ের হোটেলের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির চেষ্টা চালান এক তিব্বতি। তবে পুলিশের তৎপরতায় তাকে রক্ষা করা সম্ভব হয়।

হু জিনতাও যে হোটেলে অবস্থান করছেন, তার চারপাশের কঠোর নিরাপত্তার মধ্যেই বিক্ষোভ দেখায় নির্বাসিত তিব্বতিরা। তারা হু জিনতাওকে ‘হত্যাকারী’ অভিহিত করে তিব্বতের স্বাধীনতার দাবি জানিয়ে স্লোগান দেয়। এর মাঝেই লাকপা নামে একজন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করলেও তার পায়ের বেশ খানিকটা পুড়ে যায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, সোমবার থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক তিব্বতিকে পুলিশ আটক করেছে। তাদের দাবি, চীন অবৈধভাবে তিব্বত দখল করেছে। তাই হু জিনতাওয়ের বিরুদ্ধে তাদের এ কর্মসূচি।

প্রসঙ্গত, ১৯৫০ সালে চীনের সেনারা তিব্বতে ঢুকে পড়ে। চীনের দাবি, তিব্বত তাদের অংশ। ভারত এ দাবি স্বীকার করলেও প্রায় এক লাখ ২০ হাজার তিব্বতিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।