জেমাইল হত্যা তদন্তে সহায়তা দেবে জাতিসংঘ
শিল্পমন্ত্রী পিয়ের জেমাইল নিহত হওয়ার ঘটনা তদন্তে লেবাননকে সহায়তা করবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত নেয়।
জাতিসংঘ মানবাধিকার কমিশন আগে থেকেই লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরির হত্যাকান্ডের তদন্ত করছে। জেমাইল নিহত হওয়ার পর লেবানন ওই কমিশনকে এই হত্যাকান্ডের ঘটনাও তদন্ত করার অনুরোধ জানায়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ দ্রুত এই আবেদনে সাড়া দেয়।
বেলজিয়ামের সার্জ ব্রামারৎজে নেতৃত্বে জাতিসংঘের কমিশন লেবাননে হারিরি হত্যার পর সংগঠিত আরো ১৪টি পরিকল্পিত হামলার ঘটনাও খতিয়ে দেখছে। তিনি এরআগে তার রিপোর্টে জানান, ১৫টি ঘটনার মধ্যেই যোগসূত্র রয়েছে। জেমাইলের হত্যাকান্ডসহ জাতিসংঘ এখন ১৬টি ঘটনা তদন্তের দায়িত্ব নিল।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বোলটন বলেছেন ওয়াশিংটন আশা করছে ব্রামারৎজের দলটি যত তাড়াতাড়ি সম্ভব জেমাইলের হত্যার তদন্তে সাহায্য করতে পারবে।
প্রতিবেশী দেশ সিরিয়ার কট্টর সমালোচক জেমাইল মঙ্গলবার নিজ গাড়িতে করে যাওয়ার সময় রাজধানী বেইরুতের কাছে আততায়ীর গুলিতে মারা যান। সিরিয়ার সমালোচক হিসেবে পরিচিত লেবাননের বেশ কিছু নেতা এ হত্যাকান্ডের জন্য সিরিয়াকে দায়ী করেছে।
প্রসঙ্গত, হারিরির হত্যা ও সংশ্লিষ্ট আরও ১৪টি ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক আদালত গঠনের জাতিসংঘ প্রস্তাব লেবাননের মন্ত্রিসভায় প্রাথমিক অনুমোদন লাভের পরপরই জেমাইলকে হত্যা করা হয়।
এই হত্যাকান্ডের পর জাতিসংঘের মহাসচিব কফি আনান সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে লেবাননের পরিস্থিতি বেশ জটিল। লেবাননের জনগন ও সরকারকে সহায়তা করতে এবং তারা যাতে ঐক্যবদ্ধ থাকে সেজন্য আমরা সাধ্যমত চেষ্টা করব।”
