বাগদাদে মার্কিন সেনাদের গুলিতে ৪ নিরীহ ইরাকি নিহত
বাগদাদের সদর সিটিতে বৃহম্পতিবার মার্কিন সেনাদের গুলিতে চার ইরাকি মারা গেছে। আহত হয়েছে আরো আট জন। একটি শ্রমিকবাহী মিনিবাস লক্ষ করে মার্কিন সেনারা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে আনবার প্রদেশে গেরিলা হামলায় আহত তিন মেরিন সেনা বুধবার মারা গেছে বলে মার্কিন সেনা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
গত ২৩ অক্টোবর গেরিলাদের হাতে অপহৃত এক মার্কিন সেনাকে উদ্ধারে সদর সিটিতে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার মার্কিন সেনারা ওই মিনিবাস লক্ষ করে মেশিনগান চালায়। মিনিবাস আরোহীরা নিরীহ শ্রমিক বলেই রয়টার্সকে জানান স্থানীয় বাসিন্দারা।
মার্কিন বাহিনী বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে ইরাকি পুলিশ জানিয়েছে, একই দিন মার্কিন ও ইরাকি বাহিনী সদর সিটির একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে।
মঙ্গলবারও সদর সিটিতে মার্কিন বাহিনীর বিমান হামলায় এক শিশুসহ চার ইরাকি নিহত হয়।
আনবার প্রদেশে আহত তিন মেরিন সেনার মৃত্যুর খবর জানালেও কোথায় কিংবা কিভাবে তারা আহত হয়েছে, সে বিষয়ে মার্কিন সেনা বাহিনীর বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
