২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিতভিনেনকোর ঘটনা তদন্ত করছে ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ

রাশিয়ার সাবেক এক গুপ্তচরকে লন্ডনে বিষপ্রয়োগে হত্যা চেষ্টার ঘটনাটি তদন্ত করার দায়িত্ব নিয়েছে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশ ইউনিট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Nov 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ছয় বছর আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) থেকে ব্রিটেনে আশ্রয় নেওয়া আলেকজান্ডার লিতভিনেনকো এ মাসের গোড়ার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল রিপোর্টে জানা যায়, তার অসুস্থতার কারণ শরীরে থালিয়াম নামক এক বিষাক্ত ধাতুর বিষ। এই বিষ আক্রান্ত ব্যক্তিকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেও মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লিতভিনেনকোর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে। ডাক্তাররা তার বাঁচার সম্ভাবনা ৫০/৫০ বলে উল্লেখ করেছেন।

পুলিশ জানিয়েছে, লিতভিনেনকো অসুস্থ হওয়ার দুই সপ্তাহ পর তারা মামলাটি হাতে নিয়েছে। লন্ডন মেট্রাপলিটান পুলিশের কাউন্টার টেরোরিজম ব্রাঞ্চকে ঘটনাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।

রাশিয়া ত্যাগ করতে লিতভিনেনকোকে সহায়তাকারী আলেকজান্ডার গোল্ডফারব বলেন, লিতভিনেনকো আসলে রাশিয়ার সরকারের শীর্ষ পর্যায়ের লোকদের ষড়যন্ত্রের শিকার।

এদিকে এধরণের অভিযোগ অস্বীকার করে মস্কোতে ক্রেমলিনের ডেপুটি মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন,“একেবারেই অর্থহীন এ অভিযোগের ব্যাপারে মন্তব্য করার কিছু নেই।”

পুতিনের সমালোচক রুশ সাংবাদিক আনা পোলিতকোভোস্কায়াকে গত মাসে মস্কোতে গুলি করে হত্যার ঘটনাটি খতিয়ে দেখছিলেন লিতভিনেনকো। হাসপাতালের শয্যা থেকে তিনি পুলিশকে জানান, এ সম্পর্কে জানার জন্য লন্ডনের একটি রেস্তোরাঁয় এক ব্যক্তির সঙ্গে বৈঠক করার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

২০০২ সালে আরো এক লেখকের সঙ্গে যৌথভাবে লিতভিনেনকোর ‘ব্লোয়িং আপ রাশিয়া: টেরর ফ্রম উইদিন’ বই প্রকাশিত হয়। এতে তিনি ১৯৯৯ সালে রাশিয়ায় বোমা বিস্ফোরনে ৩০০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থা এফএসবির এজেন্টরা জড়িত ছিল বলে অভিযোগ করেন।