জাপান কখনও পরমাণু অস্ত্রধারী হবে না: আবে
জাপান কখনওই পরমাণু অস্ত্রধারী হবে না-চীনের প্রেসিডেন্ট হু জিনতাওকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অ্যাপেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা আবে সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।
হুয়ের সাথে শনিবার এক দ্বিপাক্ষিক সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। পরমাণু বিষয়ে জাপান তার প্রতিজ্ঞায় স্থির থাকায় আবেকে আন্তরিক ধন্যবাদ জানান হু।
সংবাদ সম্মেলনে আবে বলেন, আণবিক বোমা হামলার সেই তিক্ত, বিষাদপূর্ণ স্মৃতির প্রতি সম্মান জানাতে এবং বিশ্ববাসীকে মারণাস্ত্রের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ।
পরমাণু অস্ত্র বিস্তার রোধে পরমাণু বিষয়ক ক্লাবকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
“আমাদের দেশই একমাত্র দেশ যে দেশটি আণবিক বোমা হামলার শিকার হয়েছে। আমরা এই বেদনাদায়ক ও যন্ত্রণাকাতর স্মৃতি কখনো ভুলবো না। এই স্মৃতি ও অভিজ্ঞতার প্রতি সম্মান রেখেই পৃথিবীকে আমরা অস্ত্র বিস্তারের এই উন্মত্ত প্রতিযোগিতা থেকে ফেরাতে চাই,” বলেন আবে।
