ইরাক নিয়ে তিনটি বিকল্প খতিয়ে দেখছে পেন্টাগন
ইরাক পরিস্থিতির উন্নয়নে এখন তিনটি বিকল্প খতিয়ে দেখছে পেন্টাগন।
প্রথমত, ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার, দ্বিতীয়ত, সেখানে আরো সৈন্য পাঠানো এবং তৃতীয়ত, সৈন্য সংখ্যা কিছু কমিয়ে আরো বেশি সময় সেখানে অবস্থান করা। ইরাক পরিস্থিতি পর্যালোচনায় গঠিত পেন্টাগনের একটি গ্রুপ এ বিকল্পগুলো উত্থাপন করে বলে সোমবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।
এদিকে ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে ইরাকি সরকারকে সহায়তার ঘোষণা দিয়েছে সিরিয়া। ইরাক সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম রোববার এ প্রতিশ্রুতি দেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ইরাকে বর্তমান সংঘাতময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানকার পরিস্থিতির উন্নয়নে পেন্টাগনের গ্রুপটি ওই তিন বিকল্পের কথা উত্থাপন করে। তবে এর মধ্যে শেষটিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
ইরাকে বর্তমানে যে পরিমাণ মার্কিন সৈন্য রয়েছে তা পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট নয় বলে ওই গ্রুপটি মনে করে। সেক্ষেত্রে সৈন্য সংখ্যা বাড়াতে হবে। আবার খুব দ্রুত যদি সেনা প্রত্যাহার করা হয়, তবে ইরাককে পুরোপুরি গৃহযুদ্ধের মুখে ঠেলে দেয়া হবে বলে মনে করছে পেন্টাগন। যদিও কংগ্রেসে সম্প্রতি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ইরাক থেকে কয়েক মাসের মধ্যেই সেনা প্রত্যাহারের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করে ডেমোক্রেটিক পার্টি।
পেন্টাগন তৃতীয় প্রস্তাবটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে ওয়াশিংটন পোস্ট জানায়। এ অনুসারে ইরাকে মার্কিন সেনার সংখ্যা সাময়িকভাবে বাড়িয়ে পরে তা কমিয়ে আনতে হবে। বাড়তি মার্কিন সেনারা ইরাকি সেনাদের প্রশিক্ষিত করে তুলবে। আর এ প্রস্তাবে মার্কিন সেনাদের দীর্ঘ সময় ধরে ইরাকে অবস্থান করার কথা রয়েছে। এ প্রস্তাব অনুসারে ইরাকে সৈন্য সংখ্যা আরো ২০ থেকে ৩০ হাজার বাড়ানো হতে পারে বলে পত্রিকাটি জানায়। বর্তমানে সেখানে ১ লাখ ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
ইরাক যুদ্ধের পর সুন্নি আরব নেতাদের মধ্যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীই প্রথম ইরাক সফরে গেলেন। তাই এ সফরকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও গত সপ্তাহে ইরাক পরিস্থিতির উন্নয়নে সিরিয়া ও ইরানকে সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
তবে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশায়ের জেবারির সঙ্গে বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ওয়ালিদ আল মুয়াল্লিম বলেন, আমার এ সফর কাউকে খুশি করার জন্য নয়। ইরাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলায় আমরা ইরাকের নির্বাচিত সরকারকে সহায়তা করব। আমরা চাই ইরাক ঐক্যবদ্ধ থাকুক। পাশাপাশি আমরা মনে করি, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা সেখানে সহিংসতা কমিয়ে আনবে।
হোশায়ের জেবারি বলেন, ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোর জন্যও জরুরি। আর সন্ত্রাস মোকাবেলায় তাদের সমর্থন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
