পাকিস্তান থেকে আফগানিস্তানে টনি ব্লেয়ার
ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার পাকিস্তান থেকে সোমবার আফগানিস্তান গিয়েছেন। দেশটিতে মোতায়েনকৃত ৫০০০ ব্রিটিশ সেনা তালেবানদের ক্রমবর্ধমান হামলার মুখে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে।
আফগানিস্তানে ব্রিটিশ সৈন্যদের অবস্থা ও সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করতেই তিনি দেশটি সফর করছেন বলে জানা গেছে। তবে নিরাপত্তার স্বার্থে ব্লেয়ারের এই পরিকল্পিত সফর সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা।
পাঁচ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নেতৃত্বাধীন যৌথবাহিনী আফগানিস্তান থেকে তালেবান সরকার উৎখাতের পর এ বছর সেখানে আবার তালেবানদের সঙ্গে যৌথবাহিনীর সেনাদের ভয়াবহ লড়াই হয়েছে। ইরাকের চেয়েও আফগানিস্তানে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে ব্রিটিশ সেনারা। ব্রিটিশ সেনা কর্মকর্তারা বলেছেন, ইরাকের চেয়েও ছয়গুণ বেশি মৃত্যুঝুঁকি নিয়ে হেলমন্দ প্রদেশে অবস্থান করছে বৃটিশ সৈন্যরা।
আফগানিস্তানের বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে. ব্লেয়ার তার এই সফরে হেলমন্দ প্রদেশে ব্রিটিশ সৈন্যদের মূল ঘাটি পরিদর্শন করবেন। এরপর কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সেখান থেকে তিনি পাকিস্তানে ফিরবেন।
উল্লেখ্য, আফিম তৈরির প্রধান উৎস পপি চাষের জন্য বিখ্যাত হেলমন্দ প্রদেশে তালেবান গেরিলারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
ব্লেয়ার এর আগে পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সাথে বৈঠকে তালেবানদের তৎপরতা বন্ধ, সন্ত্রাস দমনে গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং পাকিস্তানের বিভিন্ন স্কুলে গেরিলাদের প্রশিক্ষণ বন্ধের উপায় ও পদক্ষেপ নেয়ার বিষয় নিয়ে আলোচনা করেন। পাকিস্তান বলেছে তালেবান গেরিলাদের তৎপরতা বন্ধে এবং সন্ত্রাস দমনে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
