‘হ্যানয় ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হল এপেক সম্মেলন
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য উদারীকরণের লক্ষ্যে একমত হয়েছেন এপেক নেতারা। এপেক সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন রোববার এ লক্ষ্যে গ্রহণ করা হয়েছে ‘হ্যানয় ঘোষণা’।
এতে বাণিজ্য উদারীকরণ ছাড়াও সন্ত্রাস মোকাবেলায় এক যোগে কাজ করার ওপর জোর দেয়া হয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।
এপেকের বর্তমান চেয়ারম্যান ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন মিন ত্রিয়েত তার ভাষণে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার নিন্দা জানিয়ে বলেন, দেশটির এ তৎপরতা এ অঞ্চল তথা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।
তার ভাষণের আগে এপেক নেতারা এক বিবৃতিতে পরমাণু অস্ত্র মুক্ত কোরিয়া গড়তে এক যোগে কাজ করার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন। বিবৃতিটির ভাষা আরো কঠোর করার জন্য যুক্তরাষ্ট্র ও জাপানের পক্ষ থেকে তাগিদ ছিল।
এ প্রসঙ্গে মার্কিন নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ডেভিড ম্যাককরমেক বলেন, সব কিছুর পরও এপেক নেতারা উত্তর কোরিয়ার বিষয়ে একটা যৌথ বিবৃতি দিয়েছেন। এ মুহূর্তে এটাই বেশ গুরুত্বপূর্ণ।
সম্মেলনের প্রথম দিন অর্থাৎ শনিবারের আলোচনায় এপেক নেতারা বিশ্ব বাণিজ্য সংস্থার থেমে থাকা আলোচনা পুনরুজ্জীবনে উদ্যোগ নিতে সম্মত হন।
‘হ্যানয় ঘোষণা’য় বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের আলোচনা পুনরুজ্জীবনের কোনো ধরনের সুযোগ নষ্ট না করার সিদ্ধান্ত হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠায় সব সম্ভাব্যতা যাচাই করে দেখা এবং আগামী বছর অস্ট্রেলিয়ায় বৈঠকে রিপোর্টটি উত্থাপন করার বিষয়েও সম্মত হন এপেক নেতারা। এছাড়া এ অঞ্চলে চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
‘হ্যানয় ঘোষণা’য় উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষারও তীব্র নিন্দা জানানো হয় এবং এ নিয়ে দেশটির ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা স্বীকার করা হয়। সীমান্ত ও আকাশ পথে নিরাপত্তা জোরদারের বিষয়েও সম্মতি প্রকাশ করেন এপেক নেতারা। এছাড়া তারা সন্ত্রাসী হামলা কিংবা মহামারির কারণে যে বাণিজ্যিক ক্ষতি হয়, তা পুষিয়ে নিতে পদক্ষেপ গ্রহণে সম্মতি প্রকাশ করেন।
রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি রোধে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়ও স্থান পায় ‘হ্যানয় ঘোষণা’য়।
এছাড়া জ্বালানি নিরাপত্তার বিষয় নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে ‘হ্যানয় ঘোষণা’য় গুরুত্ব আরোপ করা হয়।
