সাবেক রুশ গুপ্তচরকে লন্ডনে বিষপ্রয়োগ
রাশিয়ার পক্ষত্যাগকারী সাবেক গুপ্তচর আলেকজান্ডার লিতভিনেনকোকে লন্ডনে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। এ খবর জানিয়েছে সানডে টাইমস পত্রিকা। তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। অভিযোগটি খতিয়ে দেখছে ব্রিটিশ পুলিশ।
পত্রিকাটি জানায়, থারিয়াম নামের একটি বিষাক্ত ধাতুর মাধ্যমে লিতভিনেনকোকে বিষপ্রয়োগ করা হয়। তিনি ছয় বছর আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ছেড়ে ব্রিটেনে চলে যান এবং এক মাস আগে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় বেশ কিছু ব্যক্তির রোষানলে পরেন লিতভেনেনকো এবং এরপরই তার নাম উঠে আসে মস্কোর ওয়ান্টেড তালিকায়।
পুলিশের এক মুখপাত্র বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘স্পেশালিস্ট ক্রাইম ডিরেক্টরেট’ এর কর্মকর্তারা সন্দেহজনক এ বিষপ্রয়োগের ঘটনার ব্যাপারে তদন্ত করছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন লিতভিনেনকোর অবস্থা গুরুতর বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে ‘দ্যা মেইল’ পত্রিকা জানায় চেচনিয়ায় ক্রেমলিন নীতির সমালোচক রুশ সাংবাদিক আনা পোলিতকোভস্কায়া হত্যাকান্ডের তদন্ত করার সময় গত ১ নভেম্বর লিতভিনেনকো অসুস্থ হয়ে পড়েন। লন্ডনের একটি বারে এক সহযোগীর সাথে গোপন সাক্ষাত করে আনার হত্যাকারীদের নামধাম জানার পরপরই তাকে বিষপ্রয়োগ করা হয়।
