ইতালির দুর্গে বিয়ের ঝান্ডা উড়ালেন টমক্রুজ ও হোমস
কেটি হোমসের সলাজ আভায় পনেরো শতকের পুরানো দুর্গটির প্রতিটা দেয়াল যেন হয়ে উঠেছিল আরো আলোকময়। দূর্গের টাওয়ার থেকে ছোড়া আতশবাজির ফোয়ারায় রাতের আকাশ হয়ে উঠেছিল আরো রহস্যময়।
ইতালির রোমের কিছুটা দূরে এই রহস্যময় ও পৌরাণিক পরিবেশেই জীবনে একসঙ্গে চলার শপথ উচ্চারণ করলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এবং অভিনেত্রী কেটি হোমস।
শনিবার আমন্ত্রিত ১৫০ জন অতিথির সামনে বাইবেলের বাণী উচ্চারণ এবং পাঁচ স্তরের বিশাল সাদা চকোলেট কেক কেটে এই যুগল যখন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করছিলেন তখন বাইরে ছিল কয়েক হাজার দর্শক ও পাপারাজ্জির ভিড়। দর্শকরা উুঁকিঝুঁকি মারছিলেন যদি একপলকের জন্য দেখা যায় তাদের প্রিয় এই জুটিকে।
অনুষ্ঠানে জর্জিও আরমানির পোশাক পরা বর ও কনেকে দেখাচ্ছিল রুপকথার গল্পের মতো। কেটির পরনে ছিল ক্রিম-সাদা রঙের ক্রিস্টালের স্টাড বসানো গাউন। আর ক্রুজ পরেন কালো রঙের স্যুট। অবশ্য ইতালিতে বিয়ের অনুষ্ঠানের অয়োজন করলেও বিয়েটা তারা সেরে ফেলেছিলেন লস এঞ্জেলেসে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরও ছিল ঝলমলে উপস্থিতি। হলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজ এসেছিলেন স্বামী মার্ক এন্থনিকে সাথে করে। ছিলেন উইল স্মিথ ও তার স্ত্রী জাদা পিনকেট। ব্রুক শিল্ডও আলো ছড়ান অতিথির সারিতে। ভিক্টোরিয়া বেকহ্যাম অবশ্য এসেছিলেন ডেভিড বেকহ্যামকে ছাড়াই। রিয়াল মাদ্রিদের পক্ষে খেলতে স্পেনে রয়েছেন বিখ্যাত ফুটবল তারকা বেকহ্যাম। কালো পোশাক এবং হেলানো হ্যাটে দারুণ মানিয়েছিল ভিক্টোরিয়াকে।
লাল রঙা সান্ধ্য পোশাকে ব্রুক শিল্ড আর হালকা গোলাপি লম্বা গাউন ও সাদা ফার পরিহিত লোপেজকেও লাগছিল অসাধারণ।
এছাড়া, এসেছিলেন মিশন ইম্পসিবল থ্রি-র পরিচালক জে জে আব্রামস এবং অভিনেতা জন ট্রাভোল্টা।
২৭ বছর বয়সী হোমস তাদের মেয়ে সুরিকে নিয়ে একটু আগেই চলে আসেন ইতালির এই দুর্গে। দুপুরের পরে চকচকে কালো মার্সিডিজে করে আসেন ক্রুজ। কালো মার্সিডিজে বসে থাকায় কাছ থেকে তাকে দেখা থেকে বঞ্চিত হন প্রাসাদের বাইরে ভিড় করা ভক্তকূল।
৪৪ বছর বয়সী এই অভিনেতার এটি তৃতীয় বিয়ে। এর আগে পেনেলোপে ক্রুজ এবং নিকোল কিডম্যানকে বিয়ে করেছিলেন তিনি।
প্রথম স্ত্রী নিকোলের সাথে তার দুটি দত্তক সন্তান রয়েছে।
টমের এক ইতালীয় ভক্ত পাওলা ইয়েলা বলেন, “দেখলাম প্রাসাদের ভেতর কযেকটি গাড়ী ঢুকে গেল। কারা তাতে ছিলেন বাইরে থেকে বোঝা না গেলেও টমের উপস্থিতিতে আমি খুবই আনন্দিত। যখন আমি টিনএজ তখন থেকেই সে আমার হিরো।”
