অন্ধ্র প্রদেশে ঋণগ্রস্ত কৃষকের আত্মহত্যা
ভারতের অন্ধ্র প্রদেশের এক কৃষক ঋণের দায় থেকে মুক্তি পেতে আত্মহননের পথ বেছে নিয়েছেন।
শনিবার সরকারি কর্মকর্তাদের সূত্রে এ খবর জানানো হয়।
শ্রীরামালু নামে ৩২ বছর বয়স্ক ওই কৃষক ঋণ শোধ করতে না পেরে অনোন্যপায় হয়ে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
জেলা পুলিশ পরিদর্শক বি মাল্লা রেড্ডি জানান, শ্রীরামালু ২০ লাখ রুপি ঋণ করেছিলেন যা শোধ করা তার পক্ষে সম্ভব ছিল না। ঋণদাতারা তার একমাত্র সম্বল তিন একর জমি তাদের কাছে বিক্রির জন্য চাপ দিচ্ছিল।
এই জমিটুকুই তার ছয় সদস্যবিশিষ্ট পরিবারের আয়ের একমাত্র উৎস হওয়ায় তিনি ওই প্রস্তাবে রাজি হননি। কোনো পথ না পেয়ে শেষপর্যন্ত আত্মহননের পথই বেছে নেন তিনি।
এ পর্যন্ত অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় এক হাজার ১৩৮ জন কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন।
তবে মানবাধিকার কর্মীরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি।
গত দুমাসেই এ প্রদেশে ৬০ কৃষক আত্মহত্যা করেন।
