বেসরকারি টিভি চ্যানেলের বিরুদ্ধে শাভেজের হুশিয়ারি
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ হুশিয়ারি দিয়ে বলেছেন, তাকে উৎখাত করার লক্ষ্যে অপপ্রচার চালাবে যেসব ব্যক্তিমালিকানাধীন টেলিভিশন চ্যানেল, সেগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। ডিসেম্বরের ৩ তারিখ অনুষ্ঠেয় পুনঃনির্বাচনে জয়ী হলে বিরোধী দল তাকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হবে অভিযোগ করে তিনি এ কথা বলেন।
শাভেজ ইতোমধ্যেই দেশের অধিকাংশ প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ বাড়িয়েছেন। শুক্রবার দেশটির ক্যারিবিয়ান দ্বীপ মার্গারিটায় দেওয়া ভাষণে তিনি আরো বলেন, “সন্ত্রাসী কর্মকান্ডে উস্কানি, যুদ্ধ বা ঘৃণা ছড়ানো এবং কতৃত্ব না মানার প্রচারণা চালানো হলে আমরা ওইসব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেবো।”
তিনি বলেন, কোন ব্যক্তি যদি টেলিভিশন চ্যানেলে গিয়ে সরকার উচ্ছেদের জন্য সেনাবাহিনীকে আহ্বান জানায় তাহলে টেলিভিশন স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জুলিয়ার গভর্নর ম্যানুয়েল রোজালসের বিরুদ্ধে শাভেজের অভিযোগ, তিনি একটি অভ্য্্ুত্থান ঘটানোর চেষ্টা চালাচ্ছেন। তবে রোজালস এ অভিযোগ অস্বীকার করেছেন।
বিরোধী দল একটি অভ্যুত্থান ঘটানো চেষ্টা করছে–শাভেজ এ অভিযোগ তুললেও এখন পর্যন্ত তার দাবির পক্ষে সাংবাদিক রাফয়েলের বক্তব্য ছাড়া আর কোন তথ্যপ্রমাণ দিতে পারেননি। দেশটির প্রখ্যাত সাংবাদিক রাফায়েল পোলেও এ মাসে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ‘নির্বাচনের পর শাভেজকে উৎখাত করার’ আহ্বান জানান।
দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল পুরোপুরি তাকে সমর্থন করলেও ব্যক্তিমালিকানাধীন টেলিভিশনগুলোর অধিকাংশই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বক্তৃতায় শাভেজ ‘২০০২ সালের অভ্যুত্থানে ৬০ জনেরও বেশি মারা গেছে’-এ কথা উল্লেখ করে বলেন, ‘আবারও দেশে রক্তপাত ঘটতে দেওয়া হবে না।’
