কারগার থেকে দেশে ফিরেছেন তাহির
পাকিস্তানের কারাগারে ১৮ বছর কাটানোর পর ব্রিটিশ নাগরিক মির্জা তাহির হোসেন শুক্রবার দেশে ফিরে গেছেন।
ব্রিটিশ সরকার ও অন্যান্য সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাহিরের মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন করার পর শুক্রবার তিনি নিজ দেশে ফেরেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে ভাই আমজাদকে জড়িয়ে ধরে হোসেন বলে, ‘দেশে ফিরে এসে আমার খুব ভালো লাগছে।’
লিখিত এক বিবৃতিতে হোসেন বলেন, ‘নিজের পরিবার ও প্রিয়জনদের থেকে দূরে থাকা খুবই কষ্টের। এত কষ্টের মধ্যেও যে আমি বেঁচে আছি তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন,“স্বাধীনতা অত্যন্ত বড় একটি বিষয়। আর নতুন করে আমার পরিবারকে জানতে, তাদের সাথে মানিয়ে চলতে আমি এই ফিরে পাওয়া স্বাধীনতা কাজে লাগাতে চাই।’ তিনি পরিবারের সাথে নিরিবিলি জীবন কাটাতে গণমাধ্যমগুলোর সহায়তা কামনা করেন।
হোসেন মুক্তি পাওয়ার পর আমজাদ এক সংবাদ সম্মেলনে বলেন, “তার ভাইয়ের শাস্তি পাওয়ার বিষয়টি ছিল ভয়ংকর এক দুঃস্বপ্ন এবং এ দুঃস্বপ্নের সমাপ্তি ঘটায় আমি খুশি।”
উল্লেখ্য ইসলামাবাদে জামশেদ খান নামক এক ট্যাক্সি চালককে হত্যার অভিযোগে গত ১৮ বছর ধরে পাকিস্তানি কারাগারে বন্দি থাকলেও হোসেন সবসময় এ অভিযোগ অস্বীকার করেছেন। ১৯৮৮ সালে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি জানিয়েছেন, ঘটনার সময় ট্যাক্সি চালক অস্ত্রের মুখে তাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায় এবং ধস্তাধস্তির একপর্যায়ে গুলি বের হয়ে সে মারা যায়।
ব্রিটিশ সরকার ও অন্যান্য সংগঠন হোসেনকে ক্ষমা করে দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি বার বার আবেদন জানিয়ে আসছিল। পারভেজ মোশাররফ তার শাস্তির মেয়াদ কমিয়ে দেয়ায় এবং ইতোমধ্যেই যাবজ্জীবনের সমান সময় কারাগারে কাটানোয় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
