২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে কাঁঠাল, গোঁফে তেল!

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম প্রেমিকা কেট মিডলটনকে কবে নাগাদ বিয়ের প্রস্তাব দেবেন সে ব্যাপারে নিশ্চিত কিছু জানা না গেলেও উলওয়ার্থ নামে একটি কোম্পানি জানিয়েছে ওই মুহূর্তটির স্মরণে তারা স্যুভেনির বের করতে প্রস্তুত আছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শুক্রবার ডেইলি মিরর জানিয়েছে, বিয়ের ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দুজনের ছবি সম্বলিত মগ, প্লেট, টি টাওয়েল, মাউস ম্যাটসহ এক লাখ আইটেম দিয়ে তারা দোকান ভরিয়ে ফেলতে পারবে।

অন্যান্য আইটেমের মধ্যে থাকবে তাদের দুইজনের আদলে তৈরি প্লাস্টিকের পুতুল, হালকা ধরনের জুতা, মোবাইল ফোন, ওয়াইন গ্লাস, থিম্বল, এমনকি বিশেষ ধরনের মিষ্টিও।

এ বিশেষ দিনটি স্মরণে তারা একটি প্লেট তৈরির পরিকল্পনা করেছে। সাদা রঙের ওই প্লেটের ওপর সোনালি রঙের প্রলেপ থাকবে। এর ওপর কালো জ্যাকেট, সাদা শার্ট ও সাদা বো টাই পরা উইলিয়াম ও হ্যাট পরা মিডলটনের ছবিও থাকবে। আর ছবিটির নিচেই লেখা থাকবে ‘উইলিয়াম ও কেটের রাজকীয় বিয়ে স্মরণে।’

তবে দুজনের বিয়ের ঘোষণা নিয়ে উলওয়ার্থ এতো পরিকল্পনা করলেও তারা বা উইলিয়ামের পরিবারের কেউই কবে এ ঘোষণা দেওয়া হবে তা বলতে পারেনি।

উল্লেখ্য, স্কটল্যান্ডের সেন্ট এন্ড্রুস বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০০১ সালে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিডলটনের সাথে উইলিয়ামের পরিচয় হলেও যুগল হিসেবে তাদের প্রথম দেখা যায় ২০০৪ সালের এপ্রিল মাসে।

সময় স্বল্পতার কারণে চার্লস ও ক্যামিলা পারকারের আংটি বদলের মুহূর্তটি স্মরণীয় করে রাখার জন্য অলঙ্কার তৈরি করতে না পারায় উলওয়ার্থ গত বছর কয়েক লাখ পাউন্ড লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়।

ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে উলওয়ার্থের মার্কেটিং ডিরেক্টর স্টিফেন রবার্টসন বলেন, “গত বছর ৩০ লাখ পাউন্ডের সুযোগ হারালেও এবার আমরা প্রস্তুত আছি এবং আমরা মনে করছি এবার এক কোটি পাউন্ডেরও বেশি লাভ করতে পারব।”