২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জঙ্গি হামলায় মদদ দিয়ে যাচ্ছে পাকিস্তান: প্রণব মুখার্জি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি অভিযোগ করেছেন, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে যে পাকিস্তান ভারতে হামলায় মুসলিম জঙ্গিদের এখনও মদদ যুগিয়ে যাচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Nov 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শুক্রবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

প্রায় এক বছর পর ভারত-পাকিস্তান কূটনৈতিক পর্যায়ে বৈঠকে সন্ত্রাস দমনে একটি যৌথ প্যানেল গঠনের সিদ্ধান্ত হওয়ার দুই দিনের মাথায় এ অভিযোগ তুললেন প্রণব মুখার্জি। ওই বৈঠকে সন্ত্রাস দমনে পরস্পর তথ্য বিনিময় করার বিষয়েও প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে মতৈক্য হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে সম্প্রতি সংঘটিত সহিংসতার পেছনে যে পাকিস্তান সরকারের হাত রয়েছে নয়াদিল্লি তার ইঙ্গিত পেয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট ও তথ্যবহুল প্রমাণও আমাদের হাতে রয়েছে।

তিনি বলেন, কোনো রাষ্ট্র কোন যুক্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিতে পারে তা আমার বোধগম্য নয়।

এটা নীতি হিসেবে গ্রহণ করা কোনো রাষ্ট্রেরই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

নয়াদিল্লি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কাশ্মিরে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান মদদ দিচ্ছে।

তবে সে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে, যখনই ভারতে কোনো হামলা হয়, তখনই তথ্য প্রমাণ ছাড়াই নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের তীর তোলে।

এ প্রবণতা দুই দেশের মধ্যকার শান্তি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলে বলেও পাকিস্তানি কর্মকর্তারা মন্তব্য করেন।