যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতির অভিযোগে ৩৩ ব্যক্তি গ্রেপ্তার
ভিসা জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১০টি শহরে ৩৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব ভুয়া ভিসা তৈরির উদ্দেশ্য ছিল অবৈধ অভিবাসীদের, বিশেষ করে পাকিস্তানীদের যুক্সরাষ্ট্রে ধর্মীয় কাজ পাওয়ার জন্য দেশটির ভিসা পেতে সহায়তা করা।
এক্ষেত্রে ভিসা প্রাপ্তির বিষয়টি অত্যন্ত কঠোর বলে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি আইসিই বুধবার জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আটককৃতদের অধিকাংশই ধর্মীয় পণ্ডিত কিংবা ধর্মীয় কাজে নিয়োজিত নয়। বরং গ্যাস স্টেশন, ট্রাক চালক বা কোন কোম্পানিতে অবৈধ কর্মী হিসেবে কাজ করছে। এদের মধ্যে খুব কম ব্যক্তিই ধর্মীয় কাজে নিয়োজিত আছেন। তবে তারা ভিসা পাওয়ার জন্য ভুয়া কাগজপত্র ব্যবহার করেছিল।
অভিবাসন আইন ভাঙার জন্য তাদেরকে নির্বাসিত করা হতে পারে অথবা তাদের বিরুদ্ধে মামলা হতে পারে।
আইসিই জানায়, ভুয়া ভিসা কার্যক্রমের আওতায় ধর্মীয় কাজে যোগ দেওয়ার জন্য ভিসা পেতে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা ভুয়া আবেদনপত্র পেশ করে যারা প্রকৃত অর্থে এ ভিসা পাওয়ার যোগ্য নয়।
মোট কতগুলো ভুয়া আবেদনপত্র আছে তা উল্লেখ করতে অস্বীকৃতি জানালেও আইসিই এর মুখপাত্র ডিন বয়ড বলেন, এ ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে।
বয়ড বলেন, “আমাদের উদ্দেশ্য হল সত্যিকার অর্থে যারা ধর্মীয় পণ্ডিত ও এ কাজে নিয়োজিত হতে চায় তাদের জন্য এ ভিসা সংরক্ষণ করা। এ দেশে আসার জন্য কেউ এ ভিসা ব্যবহার করুক আমরা তা চাই না।”
