কেনিয়ায় বন্যায় ২৩ জনের মৃত্যু, ঘরছাড়া ৮০ হাজার
কেনিয়ায় ভয়াবহ বন্যায় ২৩ জন মারা গেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে ৮০ হাজার লোক।
বুধবার রেডক্রস এ খবর জানিয়েছে। কেনিয়ার রেডক্রস সোসাইটির তথ্য অফিসার লিনেট আটিয়েনো বলেন, “দেশটির উত্তর-পূর্ব উপকূলের বন্যাপ্লাবিত এলাকা থেকে আমরা এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানির খবর পেয়েছি।”
এসব এলাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে উল্লেখ করে একজন সরকারি কর্মকর্তা বলেন, হাজার হাজার লোক এলাকা ছেড়ে বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিচ্ছেন। বন্যা কবলিত এসব এলাকার প্রায় ৮০ হাজার লোক ঘরছাড়া হয়েছে। এছাড়া, মারাত্মক ঝুঁকির মধ্যে বসবাস করছে আরো কয়েক হাজার লোক।
এসব এলাকার রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অফিস, আদালতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে গিয়ে কেনিয়ার পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতেও ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারী বৃষ্টিপাতে কেনিয়া ছাড়াও সোমালিয়া, ইথিওপিয়া, সুদান এবং ইরিত্রিয়ায় জনজীবনে দুর্যোগ নেমে এসেছে। দক্ষিণ সোমালিয়ায় কয়েক হাজার লোক হয়ে পড়েছে আশ্রয়হীন ।
