বাগদাদে অপহৃতদের বেশিরভাগ ছাড়া পেয়েছে
বাগদাদের উচ্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে অপহরণ করা ব্যক্তিদের বেশিরভাগকেই মুক্তি দেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানের পর তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে বুধবার ভোরে রাষ্ট্রীয় ‘ইরাকিয়া টেলিভিশন’এ জানানো হয়। তবে মোট কতজনকে মুক্তি দেওয়া হয়েছে বা অপহরণ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা-সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সাম্প্রতিককালের সবচেয়ে বড় অপহরনের এ ঘটনায় বন্দুকধারীরা কিভাবে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেছে তা পুলিশ প্রধানদের ব্যাখ্যা দিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে টেলিভিশনে বলা হয়েছে আরও যারা বন্দী আছেন তাদের মুক্ত করার জন্য অভিযান চালানো হচ্ছে।
এদিকে প্রধান একটি শিয়া দলের মালিকানাধীন আল ফুরাত টেলিভিশন জানিয়েছে এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে। আর ১০০ বা তার বেশি সংখ্যক ব্যক্তিকে অপহরন করা হয়েছিল বলে কর্মকর্তারা প্রথমে জানালেও সরকারের এক মুখপাত্র পরে জানান, কয়েক ঘন্টার মধ্যে ২০ জনকে মুক্তি দেওয়া হয়। আটক রয়েছে প্রায় ৫০ জন।
বন্দুকধারীরা মঙ্গলবার ইরাকি পুলিশের বেশে কারাদায় অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করে পুরুষ কর্মকর্তা ও দর্শণার্থীদের অপহরন করে। মহিলাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
সরকারি মুখপাত্র আলি আল-দাব্বাগ জানান, অপহৃতদের মুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং বাগদাদের সন্দেহজনক এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঘটনার সময় সে এলাকায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদও করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
