রহস্যময় পার্সেল নিয়ে রহস্য ঐশ্বরিয়াকে ঘিরে
রহস্যজনক একটি পার্সেলের বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। নেদারল্যান্ড থেকে তার ঠিকানায় পাঠানো ওই পার্সেলে ২৩ হাজার ইউরো পাওয়া যায়।
বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের গোচরে এলে তারা সাবেক এ মিস ওয়ার্ল্ডকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেন।
ঐশ্বরিয়ার আগের ঠিকানায় পাঠানো সাদা রঙের পার্সেলটির গায়ে লেখা ছিল ইলেকট্রনিক সামগ্রী। কিন্তু মুম্বাই পোস্ট অফিসের কর্মকর্তাদের তল্লাশিতে ধরা পড়ে, তাতে ইলেকট্রনিক সামগ্রীর বদলে রয়েছে বৈদেশিক মুদ্রা।
কাস্টমস কর্মকর্তা এ কে প্রসাদ এনডিটিভিকে বলেন, আমরা আসলে নিশ্চিত হতে চাইছি, মুদ্রাগুলো সম্পর্কে ঐশ্বরিয়া জানতেন, না তার অজ্ঞাতেই ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ঐশ্বরিয়ার সেক্রেটারির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মুম্বাইয়ের একটি পত্রিকা জানায়, তাকে হয়রানির উদ্দেশ্যেই প্যাকেটটি পাঠানো হতে পারে বলে ঐশ্বরিয়া দাবি করেছেন।
