২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যানয়ে এপেক মন্ত্রীদের বৈঠক শুরু

বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনার জট ছাড়ানো লক্ষ্য নিয়ে বুধবার ভিয়েতনামের হ্যানয়ে শুরু হয়েছে এপেক মন্ত্রী পর্যায়ের বৈঠক। জোটভুক্ত ২১টি দেশের পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীরা অংশ নিচ্ছেন এ বৈঠকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

বিশ্ব বাণিজ্য সংক্রান্ত আলোচনার পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করবেন তারা।

এপেকের এ বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তে ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুরুর বিষয়টি মার্কিন কংগ্রেসে নাকচ হয়ে যাওয়ায় বৈঠকের আকর্ষণ অনেকটাই কমে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

গত সপ্তাহে কর্মকর্তারা বৈঠকের যে কার্যসূচি তৈরি করেছেন তার মূল বিষয় হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডের থেমে যাওয়া আলোচনা আবার শুরুর উদ্যোগ নেয়া। সদস্য দেশগুলোতে পণ্য ও বিনিয়োগের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ‘হ্যানয় অ্যাকশন প্ল্যান’ ইতোমধ্যেই কর্মকর্তারা তৈরি করেছেন। আলোচনা শেষে তা চূড়ান্ত করা হবে।

বিশ্লেষকরা বলছেন, বৈঠকে ৫০টি পণ্যের শুল্ক ছাড়ের সম্ভাবনা রয়েছে। ওই অঞ্চলে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবসায়ী নেতারাও এপেক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নকল ও অবৈধ পণ্য পাচার বন্ধ এবং বার্ড ফ্লুর মতো মহামারি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে এপেক বাণিজ্যিক উপদেষ্টা কাউন্সিল ।

আলোচনায় কী সিদ্ধান্ত বেরিয়ে আসবে তা এখনো নিশ্চিত করা না গেলেও দোহা রাউন্ডের আলোচনার পুনরায় শুরুর ব্যাপারে সময়োচিত পদক্ষেপ যুক্তরাষ্ট্র চায় বলে সে দেশের বাণিজ্য প্রতিনিধি করন ভাটিয়া রয়টার্সকে জানান।

এদিকে বৈঠকের কোনো এক সময়ে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা আলোচনায় বসবেন বলে জানা গেছে। এ ইস্যুতে থেমে থাকা ছয় জাতি আলোচনা কিভাবে আবার শুরু করা যায় তাই এ বৈঠকের লক্ষ্য। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস্টোফার হিল বলেন, আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহ আমাদের খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। তবে আশা করছি, ডিসেম্বরের প্রথম ভাগেই আমরা আলোচনা শুরু করতে পারব।