২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ায় বিলাসী পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে জাপান

উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাপান। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2006, 03:42 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

কমিউনিস্ট দেশটির অভিজাত শ্রেনীর নৈতিকতার ওপর আঘাত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ এই জনগোষ্ঠী এসব পণ্যকে গর্বের বিষয় হিসেবে গণ্য করত। বিশেষজ্ঞরা বলেছেন এ কথা।

অক্টোবরের নয় তারিখে পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশ করে। বাণিজ্য বন্ধ এর অন্যতম। আর এ প্রস্তাবের ভিত্তিতেই গাড়ি, হাতঘড়ি, মদ, সিগারেট, জুয়েলারি সামগ্রী, সুগন্ধী ও কেভিয়ারসহ ২৪টি পণ্য রপ্তানির উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী তারো আসো।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল ফরাসি কনিয়াকের ভক্ত এবং তিনি ১০ হাজার বোতল ওয়াইন রাখার সেলার গড়ে তুলেছেন বলে শোনা যায়। কিমের এ অভ্যাস সম্পর্কে জ্ঞাত দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির নেতারা উপহার হিসেবে বেশি পছন্দ করেন গাড়ি বিশেষ করে মার্সিডিস-বেনজ। এছাড়া পিয়ানো এবং ক্যামকরডারও তাদের বিশেষ পছন্দের।

উত্তর কোরিয়া গত জুলাইয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর জাপান প্রথম দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। পরমানু পরীক্ষা চালানো পর শাস্তিমূলক ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। রপ্তানি ছাড়াও আমদানি এবং জাপানের বন্দরে দেশটির জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

টোকিও জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ১৯৭০ ও ১৯৮০ দশকে জাপানি নাগরিকদের অপহরণ হওয়ার বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

উল্লেখ্য ২০০৫ সালে উত্তর কোরিয়ার সাথে জাপানের বাণিজ্যের পরিমান ছিল ১৮০ মিলিয়ন ডলার যা ২০০২ সালের প্রায় অর্ধেক।