বিশ্বের উষ্ণায়নে বিলুপ্ত হয়ে যেতে পারে পাখিরা
বিশ্বের উষ্ণতা বাড়ার ফলে পৃথিবীর সুন্দর প্রাণীকুলের অন্যতম পাখিদের প্রায় ৭২ ভাগ বিলুপ্ত হয়ে যেতে পারে। তবে এখনো ফলপ্রসু পদক্ষেপ গ্রহণ করে এইসব বিপন্ন পাখিদের আমরা রক্ষা করতে পারি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পরিবেশ সংরক্ষণ গ্রুপ ডব্লিউডব্লিউএফ।
বৈরী প্রকৃতি এবং দূষিত পরিবেশে টিকে থাকার ক্ষমতা পাখিদের খুব কম। তাই বিশ্বের ক্রম উষ্ণায়নের ফলে পতঙ্গ খেকো বিভিন্ন অতিথি পাখি থেকে শুরু করে ক্রান্তীয় হানিক্রিপার এমনকি বরফ অঞ্চলের ‘কোট পরা ভদ্রলোক’ পেঙ্গুইনের অস্তিত্বও হুমকির মুখে।
স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক পাখির সংখ্যা পৃথিবীর জলবায়ু ও পরিবশেগত দ্রুত পরিবর্তনের কারনে ইতোমধ্যে অনেক পাখি কমতে শুরু করেছে। পৃথিবীব্যাপী উষ্ণায়ন হ্রাস করতে কেনিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের এক কনফারেন্সে পাখি এবং বিশ্ব উষ্ণায়ন বিষয়ক এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে ডাব্লিউডাব্লিউএফ আরো জানায় পাখীর সংখ্যা ও প্রজাতির বিলুপ্তি পৃথিবীর ইকোসিস্টেমকে মারাত্মক ব্যাহত করবে। এতে ভেঙ্গে পড়তে ইকোসিস্টেম চক্র। জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন পাখিদের আচরণ, খাদ্য সংরক্ষণ ও বংশবিস্তারের উপরও বিরূপ প্রভাব ফেলছে।
জলবায়ু এবং আবহাওয়ার এই ক্ষতিকর পরিবর্তনের ফলে বিপন্নপ্রায় পাখি আশ্রয় নেওয়ার জন্য আর অনুকূল পরিবেশ খুঁেজ না পেয়ে হারিয়ে যাবে চিরতরে।
পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধির জন্য প্রধানত দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার। আর এর ক্ষতিকর প্রভাবে খাদ্যের উৎস হারিয়ে ইতোমধ্যেই ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক অতিথি পাখি নিখোঁজ বা বিলুপ্ত হয়ে গেছে।
কানাডার উত্তরের হাডসন বে-তে গত বসন্তে মশার দ্রুত বংশবিস্তার ঘটলেও থমকে আছে সামুদ্রিক পাখীদের প্রজনন ও বংশবিস্তার।
নেদারল্যান্ডে ফ্লাই ক্যাচার পাখিরা সমজুটির অভাবে বংশবিস্তারে করতে পারছেনা। সেখানে গত দুই দশকে পাইড ফ্লাইক্যাচারের সংখ্যা ৯০ ভাগ কমে গেছে।
ক্রমবর্ধমান উষ্ণায়নের কারনে ইউরোপের ভূ-মধ্য সাগরীয় অঞ্চলের জলাভূমিগুলো ২০৮০ সালের মধ্যে অতিথি পাখির বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়, গ্রিনহাউস গ্যাসের নির্গত হওয়া কমাতে কঠোর কর্মসূচি নিতে পারলে পাখিদের হারিয়ে যাওয়া রোধ করা সম্ভব।
