২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে শিক্ষা মন্ত্রণালয় থেকে শতাধিক ব্যক্তি অপহৃত

ইরাকি বন্দুকধারীরা বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার অজ্ঞাত সংখ্যক পুরুষকে অপহরণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বন্দুকধারীরা ওই ভবনে আসা দর্শণার্থীসহ একশ থেকে দেড়শ পুরুষকে অপহরণ করেছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপহৃতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

এই ঘটনা সাম্প্রতিকতম সময়ে দেশটিতে সবচেয়ে বড় অপহরণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও জানান, বন্দুকধারীরা ইরাকি পুলিশ কমান্ডোর বেশে কারাদায় অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা পরিদপ্তর ভবনে প্রবেশ করে। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দর্শণার্থীদের আটক করে। পরে তাদের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্দুকধারীরা আটককৃতদের মধ্য থেকে নারীদের আলাদা করে একটি কক্ষে আটকে রাখে এবং পুরুষদের অপহরণ করে।

তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার আব্দুল করিম খালাফ কয়জন অপহৃত হয়েছে সে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, অপহরণকারীদের সন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আমরা জানি না ওরা সন্ত্রাসী, জঙ্গি, নাকি সরকারি বাহিনীর সদস্য।

মন্ত্রণালয়ের এক সূত্র প্রথমে জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে।

সূত্র আরও জানায়, অপহরণকারীরা একটি নতুন পিকআপ ভ্যানে চড়ে কারাদায় অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা পরিদপ্তর ভবনে আসে। সেখানে তারা তল্লাশী চালায় এবং পরে ওই কর্মকর্তাদের ধরে নিয়ে যায়।