নতুন প্রধানমন্ত্রী নিয়োগে ফিলিস্তিনে মতৈক্য
ইসমাইল হানিয়ার পরিবর্তে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে বিবদমান ফিলিস্তিন পক্ষগুলো মতৈক্যের কাছাকাছি পৌঁছেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার জানিয়েছেন।
তবে তারা বলেন, প্রস্তাবিত নতুন প্রধানমন্ত্রীর নাম প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে চূড়ান্তভাবে অনুমোদিত হতে হবে।
দুই প্রতিপক্ষ হামাস ও ফাতাহ আলাদা আলাদাভাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে হামাস মোহাম্মদ শবেইরের নাম প্রস্তাব করেছে এবং এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই বলে ফাতাহর এক মুখপাত্র রুদওয়ান আল-আকরাস জানান।
তবে তিনি বলেন, তাকে অবশ্যই প্রেসিডেন্ট আব্বাসের অনুমোদন পেতে হবে এবং দেশে ফিরে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা করবেন। উল্লেখ্য, দুই দিনের সফরে আব্বাস সোমবার জর্ডানে যান।
দলীয় সদস্য না হওয়া সত্ত্বেও হামাস ইসমাইল হানিয়ার উত্তরসূরী হিসেবে মোহাম্মদ শবেইরের নাম প্রস্তাব করে।
তবে শবেইর এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাতে রাজি হননি।
