চীনে কয়লা খনি বিস্ফোরণে নিহত ২৪
চীনে কয়লা খনিতে এক ভয়াবহ বিস্ফোরণে ২৪ শ্রমিক নিহত হয়েছে। উত্তরাঞ্চলের লিংসাই শহরে সোমবার এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।
খনি সমৃদ্ধ শাংঝি প্রদেশের লিংসাই শহরের নানশান কয়লা খনির এই বিষ্ফোরণের জন্য খনিটির কর্তৃপক্ষই দায়ী বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া। গ্রামের ভেতরের এই খনিটিতে কয়লা উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক সাবধানতার সাথে সংরক্ষণ না করার জন্যই বিস্ফোরণ ঘটে। সে সময় খনিটিতে ৩৪ শ্রমিক কাজ করছিল। এদিকে, চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে নিরাপত্তা লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় খনিটিকে কয়লা উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দেশ অম্যান্য করে তারা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিল যার জন্য এই বিস্ফোরণ ঘটেছে।
