ইরাকের মন্ত্রিসভায় আবারো রদবদল
চলমান সহিংসতার প্রেক্ষাপটে মন্ত্রিসভা পুর্নগঠনের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। শনিবার পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন।
ইরাকি প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার যে সব সদস্য দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদের বরখাস্ত করা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে পার্লামেন্টে ঘোষণা করেছেন। যে সব মন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এ ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাদের কাছে কঠোর বার্তা পৌঁছে দিতে চাইছেন।
এর আগে গত আগস্টেও নুরি আল-মালিকি একবার মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দিয়েছিলেন। তবে তা ঘোষণাতেই থেমে ছিল।
এদিকে মার্কিন সেনা প্রত্যাহার প্রসঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরাকে মার্কিন নীতি পরিবর্তনের সামান্য সম্ভাবনাই তিনি দেখছেন। আমেরিকা তাকে সরিয়ে দিতে পারে কিনা-এ প্রশ্নে তিনি বলেন, ইরাকে যদি একটি সেনা অভ্যূত্থান হয় তবে তা মার্কিনিদের জন্য আত্মঘাতী হবে।
২০০৫ সালের ডিসেম্বরে নির্বাচনের পর অনেক জটিলতা শেষে ইরাকে মন্ত্রিসভা গঠিত হয়। নুরি আল-মালিকি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য জোট মন্ত্রিসভার প্রথম গুরু দায়িত্ব ছিল শিয়া, সুন্নি ও কুর্দিদের বিবাদ কমিয়ে তাদের এক জায়গায় নিয়ে আসা। এতে যুক্তরাষ্ট্রেরও সমর্থন ছিল।
সুন্নি নেতারা এক পর্যায়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে আবার অস্ত্র তুলে নেয়ার হুমকিও দিয়েছিল। এর প্রতিক্রিয়ায় শনিবার মালিকি মন্তব্য করেছিলেন, আমাদের অনেক সহযোদ্ধা দায়িত্বশীল আচরণ প্রদর্শন করছেন না।
