ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিল মার্কিন প্রতিনিধি পরিষদে নাকচ
প্রেসিডেন্ট বুশের ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে সে দেশের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত একটি বিল নাকচ করে দিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। এ সপ্তাহেই বুশের ভিয়েতনাম সফরের কথা।
ভিয়েতনামের সঙ্গে স্থায়ী বাণিজ্য শুরুর পক্ষে সোমবার প্রতিনিধি পরিষদে ভোট পড়ে ২২৮টি। বিপক্ষে ভোট পড়ে ১৬১টি। বিলটি পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।
ভোটের ফলাফলে দেখা যায়, বেশিরভাগ রিপাবলিকান মোটামুটি বিলটির পক্ষে তাদের সমর্থন দিলেও ডেমোক্রেটরা এক্ষেত্রে ছিল দ্বিধাবিভক্ত।
ভোটের পরপরই প্রতিনিধি পরিষদের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বিলটি পাশের জন্য এ সপ্তাহে আবার তা প্রতিনিধি পরিষদে তোলা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এ সপ্তাহে হ্যানয়ে অনুষ্ঠেয় এপেক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বুশ। গত মে মাস থেকেই ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য শুরুর জন্য উদ্যোগী হয় বুশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বেশ গুরুত্ব দেয়া হয়। কিন্তু প্রতিনিধি পরিষদে নাকচ হয়ে যাওয়ায় ভিয়েতনাম সফরকালে এ নিয়ে বুশের কোনো ধরনের আলোচনার পরিকল্পনা কার্যত ভেস্তে গেল।
মার্কিন চেম্বার অফ কমার্স এর প্রতিনিধি নিকোল ভেনাবল এ প্রসঙ্গে বলেন, মনে হচ্ছিল বিলটি সহজেই পাশ হবে। কিন্তু যা ঘটেছে তাতে ব্যবসায়ীরা বেশ হতাশ।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
