২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ইরান ও সিরিয়াকে এগিয়ে আসতে ব্লেয়ারের আহ্বান

ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তাদের আখ্যায়িত অন্যতম ‘দুর্বৃত্ত দেশ’ ইরান এবং সিরিয়াকে ইরাকে সহিংসতা এবং সংঘাত বন্ধে সহযোগিতার জন্য এগিয়ে আসতে অনুরোধ জানাবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2006, 01:28 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এছাড়া মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা গ্রহণের জন্যও এই দুটি দেশকে আহ্বান জানাবেন তিনি। তার এক মুখপাত্র জানান, সোমবার পররাষ্ট্র নীতি বিষয়ক বার্ষিক ভাষণে এ আহবান জানানো হবে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক ঘনিষ্ট মিত্র অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেন, “সিরিয়া এবং ইরান হলো মধ্যপ্রাচ্যের দুটি শক্তিধর দেশ এবং আমি সবসময় এই দুটি দেশের সাথে সংলাপে বসতে প্রস্তুত। তবে এই দুটি দেশ আমাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবে কিনা তা এখনো বলা যাচ্ছেনা।”

বুশের প্রবল আপত্তি সত্ত্বেও এই প্রথম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড জানালেন, বার্ষিক ভাষণে ব্লেয়ারের উচিত ইরাক ইস্যুতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সহযোগিতার জন্য সিরিয়া ও ইরানকে এগিয়ে আসার অনুরোধ জানানো।

ওই ভাষণে ব্লেয়ার মধ্যপ্রাচ্যের জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেবেন যেখানে শান্তি প্রক্রিয়া স্থাপনে এ দুটি দেশ কিভাবে সাহায্য করবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হবে।

তবে ইরাকসহ মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সিরিয়া ও ইরানকে এগিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ এবং এ দুটি দেশের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নে ব্লেয়ারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারের নেতৃত্বে ইতোমধ্যে ইরাকের রাজনৈতিক অচলাবস্থা ও সহিংসতা নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের একটি স্টাডি গ্রুপ গঠন করা হয়েছে। এই গ্রুপটি ইরাকের রাজনৈতিক প্রেক্ষাপট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি জরিপ করে দেশটি থেকে কবে নাগাদ যৌথবাহিনীর সৈন্য প্রত্যাহার করা যাবে সে বিষয়ে মতামত ও পরামর্শ জানাবে।

মঙ্গলবার ডিডিও লিঙ্কের মাধ্যমে ব্লেয়ার এই স্টাডি গ্রুপের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বুশের রিপাবলিকান দলের ভরাডুবি ঘটে সিনেট ও প্রতিনিধি পরিষদ হাতছাড়া হওয়ায় ইরাক ইস্যুতে তড়িঘড়ি কৌশল ও পরিকল্পনা পরিবর্তনে ব্যস্ত হয়ে উঠেছেন বুশ।