ভারতে বাঘ মরছে ট্রেনের নিচে চাপা পড়েও
উত্তর ভারতের একটি অভয়ারণ্যে গত তিন বছরে অন্তত চারটি বাঘ ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে। এভাবে বাঘের অপমৃত্যু ঘটতে থাকায় দুধা নামের ওই ন্যাশনাল পার্কের ভিতর থেকে রেল লাইন সরিয়ে নেয়ার দাবি জোরালো হয়ে উঠেছে।
২০০৫ সালের বাঘ শুমারি অনুযায়ী উত্তর প্রদেশের এই অভয়ারণ্যে বাঘের সংখ্যা মাত্র ৭৭টি। কিন্তু অভয়ারণ্যটির মধ্য দিয়ে রেল চলাচল করায় এই বাঘগুলোর অস্তিত্বও হুমকির মুখে পড়েছে বলে জানান বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক কর্মকর্তারা।
বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি বাঘ রয়েছে ভারতের বিভিন্ন অরণ্য এবং অভয়ারণ্যে। তবে চোরা শিকারীদের কারনে এ সংখ্যা ক্রমশ কমছে। এক শতাব্দী আগে ভারতে বাঘের সংখ্যা ছিল ৪০ হাজার। কিন্তু তা এখন নেমে এসেছে মাত্র ৩ হাজার ৭০০ তে । অনেক পরিবেশবাদী বলছেন এ সংখ্যা আরো কম। তাদের মতে ভারতের অরণ্যে এখন বড়জোর ১২০০ বাঘ রয়েছে।
উত্তর প্রদেশের কর্মকর্তারা রেল কর্তৃপক্ষের কাছে পার্কের ভেতর দিয়ে রেল চলাচল বন্ধের অনুরোধ জানালেও সাড়া পাওয়া যায়নি। অভয়ারণ্যের ভেতরের এই রেললাইন দিয়ে গভীর রাতে ট্রেন চলাচলের সময় বাঘ ছাড়াও প্রায়ই হাতি, হরিণ এবং বন্য শূকর কাটা পড়ে।
