জি-২০ বৈঠকে মূল আলোচনা হবে জ্বালানি নিরাপত্তা নিয়ে
জি-২০ এর অর্থমন্ত্রীদের আগামী বৈঠকে জ্বালানি নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে। রোববার অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী পিটার কস্টেলো এ কথা জানিয়েছেন।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে অর্থমন্ত্রীরা ছাড়াও সদস্য রাষ্ট্রগুলোর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও অংশ নেবেন।
পিটার কস্টেলো জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ভারত ও চীনের তাগিদ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ওই বৈঠক বিশ্বের প্রধান তেল উত্তোলনকারী দেশ ও ভোক্তা দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করবে।
তিনি বলেন, যদি বৈঠকে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছতে পারি তাহলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
জি-২০ বৈঠককে সামনে রেখে মেলবোর্নে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিক্ষোভকারীদের ঠেকাতেও নেয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।
পিটার কস্টেলো বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন জি-২০ বৈঠককে ঘিরে বিক্ষোভ হবে। যদি বিশ্বের দারিদ্র্য ও উন্নয়ন নিয়ে উদ্বেগ থাকে, তবে এ বৈঠক তো তা নিরসনেই।’
