২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ও হিজবুল্লাহ বিশ্ব সন্ত্রাসের যোগসূত্র: হোয়াইট হাউজ

ইরান ও হিজবুল্লাহকে ‘বিশ্ব সন্ত্রাসের যোগসূত্র’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2006, 03:13 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

শনিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ আখ্যা দেয়া হয়। পাশাপাশি বোমা হামলার অভিযোগে সাবেক ইরানি প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আর্জেন্টিনার একটি আদালতকে বাহবা দিয়েছে হোয়াইট হাউজ। ১৯৯৪ সালের ১৮ জুলাই আর্জেন্টিনার একটি ইহুদি স্থাপনায় ওই হামলায় ৮৫ লোক নিহত হয়।

হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে শীর্ষ মদমদদাতা হচ্ছে ইরান। আর এর বলি হচ্ছে শত শত নিরীহ মানুষ। তবে বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।

হোয়াইট হাউজ অভিযোগ করেছে, তেহরান হিজবুলল্লাহকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এবং এর মধ্য দিয়ে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। হিজবুল্লাহ ও ইরানের এ যোগসূত্র বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হোয়াইট হাউজের বিবৃতিতে আর্জেন্টিনার বিচারকের প্রশংসা করে বলা হয়, বিশ্বের সব রাষ্ট্রের উচিত এখন আর্জেন্টিনার পাশে দাঁড়ানো। ১৯৯৪ সালে বোমা হামলার অভিযোগে বৃহস্পতিবার ওই বিচারক রাফসানজানিসহ আট ইরানি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর্জেন্টিনা অভিযোগ করেছে, আর্জেন্টিনা-ইসরাইল মৈত্রী ভবনে হামলার পেছনে ইরানের হাত ছিল। তখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন রাফসানজানি। তবে ওই বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ তেহরান অস্বীকার করে আসছে।