বুশের প্রতি মার্কিনিদের সমর্থন আরো কমেছে
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর প্রেসিডেন্ট বুশের কাজের প্রতি মার্কিনিদের সমর্থন আরো কমেছে। শনিবার নিউজউইকে প্রকাশিত একটি জরিপের ফলাফলে এ চিত্র ফুটে উঠেছে।
জরিপে দেখা যায়, এখন মাত্র শতকরা ৩১ ভাগ মার্কিনি বুশের প্রতি তাদের সমর্থন ধরে রেখেছেন। গত সপ্তাহেও এ হার ছিল ৩৫ ভাগ।
তবে ডেমোক্রেটদের নীতির প্রতি সমর্থন ব্যক্ত করলেও পাশাপাশি তাদের নিয়ে উদ্বেগও কাজ করছে মার্কিনিদের মনে। জরিপে অংশ নেয়া অনেকেরই আশঙ্কা, ইরাক থেকে সেনা প্রত্যাহারে ডেমোক্রেটরা তাড়াহুড়া করবে এবং তাদের তৎপরতায় প্রশাসনের সন্ত্রাস বিরোধী লড়াই ব্যাহত হতে পারে।
বৃহস্পতি ও শুক্রবার-এ দুই দিন ধরে মোট এক হাজার ছয় জনের ওপর জরিপটি চালানো হয়। ৬৩ ভাগ জানায়, তারা প্রেসিডেন্ট বুশের কাজ নিয়ে সন্তষ্ট নয়। দুই-তৃতীয়াংশের অভিমত, মেয়াদের পরবর্তী দুই বছর বুশের পক্ষে নতুন কিছু করা সম্ভব নয়।
জরিপে অংশ নেয়া ৯২ ভাগ ওষুধের দাম কমানোর ব্যাপারে সরকারের উদ্যোগ প্রত্যাশা করছেন। এ জন্য ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি সরকারকে আলোচনার আহ্বানও জানান তারা। তিন-চতুর্থাংশ মার্কিনি মনে করছেন, সরকারকে এ বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। ৮৯ ভাগ সরকারি বেতন-ভাতা বাড়ানোর পক্ষে তাদের মত প্রকাশ করেছেন। ইরাকে সরকারের তৎপরতার তদন্তও দাবি করেছেন সমান সংখ্যক মার্কিনি। ৮৮ ভাগ চাইছেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষাঋণ যেন কমানো হয়।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে ডেমক্রেটদের বিজয়কে জরিপে অংশ নেয়া ৫১ ভাগ ইতিবাচক বলে মন্তব্য করলেও এ নিয়ে তদের মধ্যে উদ্বেগও কাজ করছে। ৭৮ ভাগ মনে করছেন, ডেমক্রেটর তাড়াহুড়া করে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে, যা বেশ উদ্বেগজনক। ৬৯ ভাগ আশঙ্কা করছেন, নতুন কংগ্রেস সন্ত্রাস বিরোধী লড়াই থেকে থেকে সরে আসতে পারে। পাশাপাশি দুই-তৃতীয়াংশের ধারণা, নতুন কংগ্রেস রিপাবলিকানদের বিভিন্ন কেলেঙ্কারি তদন্তে অযথাই বেশি সময় ব্যয় করবে।
