২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুপাস রোগে আক্রান্তদের গর্ভকালীন মৃত্যু ঝুঁকি বেশি

লুপাস রোগে আক্রান্ত নারীর গর্ভকালীন জটিলতা এবং মৃত্যু ঝুঁিক অধিক। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক শনিবার এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Nov 2006, 01:09 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

লুপাস একধরনের ক্রনিক রোগ। এ রোগে আক্রান্ত নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। শরীরের গাঁটে ব্যথা করে, জ্বর হয়, গায়ে র‌্যাশ ওঠে এবং চুল পড়ে যেতে থাকে।

নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার একটি চিকিৎসক দল এক কোটি ৮০ লাখ গর্ভবতী নারীর উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন যারা লুপাস রোগে আক্রান্ত তাদের মৃত্যু ঝুঁকি যাদের এ রোগ নেই তাদের চেয়ে ২০ ভাগ বেশি। আক্রান্ত রোগীদের রক্ত স্বল্পতা ও জমাট বাধার মতো গর্ভকালীন নানা জটিলতা দেখা দেয়।

গবেষণা দলের প্রধান ড. মিগান ক্লাউজ প্রতিবেদনে জানান, ২০০০-২০০২ সালের মধ্যে ১৩ হাজার ৫০০ জন লুপাস আক্রান্ত নারী সন্তান জন্ম দিয়েছেন। এই মায়েদের মধ্যে ৪৪ জন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে প্রায় দেড় মিলিয়ন লুপাস রোগী আছে যাদের ৯০ ভাগই নারী।

স্বাভাবিক সময়ে লুপাসে আক্রান্ত যে কোন নারীর মৃত্যু ঝুঁকি থাকলেও গর্ভকালীন এই ঝুঁকি অনেকখানি বেড়ে যায়।

“তার মানে এই নয় যে লুপাস আক্রান্ত নারী মা হবেন না, তবে তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। গর্ভধারণের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে,” লুপাস আক্রান্ত নারীদের এই অভয়বাণী শোনান ড. ক্লাউজ।