২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারার বুকে প্রাচীন গ্রন্থাগারের সন্ধান

বালুর নিচ থেকে কথা বলে উঠছে আফ্রিকা মহাদেশের এক গৌরবোজ্জ্বল ইতিহাস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সাহারা মরুভূমিতে পাওয়া গেছে প্রাচীন গ্রন্থাগারের ধ্বংস্তূপ। আর এই গ্রন্থাগারের হাজার হাজার প্রাচীন লেখাজোকা অবিকৃত অবস্থায় উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মালির টিম্বাকটুর গবেষকরা। তারা বলছেন, আফ্রিকার লিখিত ইতিহাস যে অন্তত ইউরোপীয় রেনেসাঁর সমসাময়িক সে সাক্ষ্য দিচ্ছে এই বইগুলো।

সাহারার বুকে মালির অতি প্রাচীন টিম্বাকটু শহরটি প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্যে সমৃদ্ধ। আর এই শহরে বালি ও মাটির ঘরের নিচে চাপা পড়ে থাকা ধ্বংস্তুপের ভেতর থেকে প্রত্নতাত্ত্বিকরা সংগ্রহ করেছেন হাতে লেখা প্রায় একলাখ পঞ্চাশ হাজার পাণ্ডুলিপির ছেঁড়া অংশ। আবিষ্কৃত এসব পাণ্ডুলিপির অনেকগুলোই ১৩ শতকের বলে ধারণা করছেন তারা।

স্থানীয় ইতিহাসবেত্তারা বালুর নিচে এরকম আরো পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার আশা করছেন। প্রাচীন মালি পরিবারগুলো হাতে লেখা এসব পাণ্ডুলিপি লুটেরাদের কবল থেকে রক্ষা করতে ঘরের নিচে কিংবা মরুভূমিতে গুহার ভেতর লুকিয়ে রেখেছিল। মরোক্কোর রাজাদের আক্রমণ, ইউরোপীয় এবং ফরাসী উপনিবেশবাদীদের হাত থেকে এই পাণ্ডুলিপি রক্ষা করা পবিত্র দায়িত্ব বলে মনে করতো মালির পরিবারগুলো।

এসব পাণ্ডুলিপিতে অলঙ্কারবহুল হস্তলিখন শিল্প ফুটে উঠেছে। ১৬ শতকের প্রাচীন টিম্বাকটুর সোনালী সময়ের জ্যোর্তিবিদ্যা, গণিতশাস্ত্র, সামাজিক ও অর্থনৈতিক চিন্তাভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এতে।

এই পান্ডুলিপির ধ্বংসাবশেষগুলোর মধ্যে কি নেই! প্রাচীন মানুষের জ্ঞানের স্বাক্ষী এসব পান্ডুলিপিতে আছে আইন, বিজ্ঞান, চিকিৎসা-সব ধরনের জ্ঞানের নিদর্শন,” বলেন আহমেদ বাবা প্রতিষ্ঠানের পরিচালক গালা ডিকো।