হলিউডের জনপ্রিয় ‘খারাপ লোক’ পেলান্স আর নেই
অস্কার বিজয়ী অভিনেতা, হলিউডি মুভির জনপ্রিয় ভিলেন জ্যাক পেলান্স আর নেই। শুক্রবার ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারনে মারা যান এই কৃতি অভিনেতা। তার মুখপাত্র ডিক গাটম্যান এ তথ্য জানান।
ক্লাসিক ওয়েস্টার্ন সিনেমা ‘শেন’ এ একজন ঠান্ডা মাথার খুনীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পেলান্স। পরে ‘সিটি স্লিকারস’ কমেডির জন্য অস্কার পান তিনি।
পেলান্সের একহারা লম্বা গড়ন, গমগমে কন্ঠস্বর এবং ক্রুর চাহনি রক্ত হিম করে তুলতো দর্শকদের। এর আগে ‘শেন’ এবং ‘সাডেন ফিয়ার’ মুভিতে দুর্দান্ত অভিনয় করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হন। সাডেন ফিয়ার মুভিতে তিনি এমন এক স্বামীর চরিত্রে অভিনয় করেন যার সারাক্ষণই মাথায় ছিল স্ত্রীকে খুন করার পরিকল্পনা। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেন যোয়ান ক্রফোর্ড।
১৯১৯ সালে পেনসিলভানিয়ায় ইউক্রেনের এক অভিবাসী দম্পতির ঘরে জন্ম নেন জনপ্রিয় এই ‘খারাপ লোক’। তার আসল নাম ভ্লাদিমির পালাহনুয়িক। অভিনয়ের আগে তিনি ছিলেন একজন পেশাদার মুষ্টিযোদ্ধা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি নিউইয়র্কে চলে আসেন এবং ‘অ্যা স্ট্রীটকার নেমড ডিসায়ার’ নামে ব্রডওয়ে নাটকে অভিনয় করেন। ১৯৫০ সালে ‘প্যানিক ইন দ্যা স্ট্রিট’ সিনেমার মাধ্যমে সেলুলয়েড পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। তবে তিনি আলোড়ন তোলেন ‘শেন’এর মাধ্যমে। এই সিনেমাটিকে হলিউডের একটি সেরা ওয়েস্টার্ন মুভি হিসেবে ধরা হয় যেখানে ভালো এবং খারাপের মধ্যে নিরন্তর দ্বন্ধ ও সংকট দেখানো হয়েছে। ছবিটির পরিচালক জর্জ স্টিভেন্সের ছেলে জর্জ স্টিভেন্স জুনিয়র বলেন, “পেলান্সের কথা মনে হলেই মনে পড়ে একটি ধূসর ঘোড়ার পিঠে তার ওঠা-নামার কসরত করার দৃশ্য। ছবির জন্য তিনি এই অনুশীলন করেন। তিনি এসেছিলেন নিউইয়র্ক থেকে এবং জানতেন না কিভাবে ঘোড়ার পিঠে চড়তে ও গুলি ছুঁড়তে হয়। অনুশীলন শেষে তার অভিনয় দেখে মুগ্ধ হয় সেটের লোকজন।”
