ফিলিস্তিনে মধ্যপন্থী সরকার প্রতিষ্ঠার আশা ইসরায়েলের
ফাতাহ দলের সঙ্গে ঐক্যবদ্ধ সরকার গঠনের লক্ষ্যে প্রয়োজনে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবো– ইসমাইল হানিয়ার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি।
গত শুক্রবার ক্ষমতাসীন হামাস সরকারের প্রধানমন্ত্রী হানিয়া নতুন একটি সরকার গঠনে ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য বাঁধা হয়ে দাঁড়াবেন না এমন ঘোষণা দিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন। জিপি লিভনি তার এ সিদ্ধান্তের প্রশংসা করে বলেন এর ফলে ফিলিস্তিনে এমন একটি মধ্যপন্থী সরকার গঠনের পথ খুলে গিয়েছে যারা ইসরায়েলের সাথে কাজ করতে পারবে ।
লস এঞ্জেলস সফরকালে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী লিভনি আরো বলেন, হানিয়ার এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটো দেশেরই স্বার্থ দেখতে প্রস্তুত একটি সরকার গঠন ফিলিস্তিনের জন্য সহজ হয়ে গেল।
হানিয়ার এই সিদ্ধান্ত ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কুটনৈতিক সম্পর্কোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে-একথা বলার পাশাপাশি হামাস দলের প্রতি কঠোর মনোভাব বজায় রাখার জন্যও তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। উল্লেখ্য, এ বছর মার্চে নির্বাচনের মাধ্যমে হামাস দল সরকার গঠন করলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দেশটির ওপর কঠোর অর্থনৈতিক অবেরোধ আরোপ করে। ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সহিংসতা বন্ধ করতে হবে– ইসরায়েলের এ ধরনের দাবী মেনে নিতে হামাস সরকার অস্বীকৃতি জানালে এই কঠোর অবরোধ আরোপ করা হয়।
