সিনেটের নিয়ন্ত্রণও এখন ডেমোক্র্যাটদের হাতে
সিনেটের শেষ আসনটিতেও জিতলো ডেমোক্র্যাটরা। আর এর মধ্য দিয়েই মার্কিন কংগ্রেসে নিজেদের আধিপত্যটুকু নিশ্চিত করে নিয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার পর সিনেটের এক শ’ আসনের মধ্যে ৫১টি ডেমক্র্যাটদের আর ৪৯টি রিপাবলিকানদের দখলে।
এদিকে কংগ্রেসে পরাজয়ের পর এখন ইরাক ইস্যুতে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিই বুশ। পারস্পরিক মতভেদ ভুলে কংগ্রেসের নতুন নেতৃত্বকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এ নিয়ে মতভেদ থাকার কথাও স্বীকার করেছেন।
মঙ্গলবারের নির্বাচনের সব আসনের ফলাফল এসে গেলেও সিনেটের একটি আসনের ফলাফল জানার বাকি ছিল। দুদিন পর ভার্জিনিয়ার সে আসনটিরও ফলাফল এসে গেছে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক নৌ কর্মকর্তা জিম ওয়েব প্রায় ১০ হাজার ভোটে হারিয়ে দেন রিপাবলিকান প্রার্থী সাবেক সিনেটর জর্জ অ্যালেনকে। আর এর মধ্য দিয়েই কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ নিশ্চিত হলো ডেমোক্র্যাটদের। প্রতিনিধি পরিষদে তারা রিপাবলিকানদের চেয়ে ৩০টি আসন বেশি পেয়েছে।
কংগ্রেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সিনেটে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য নেতা হ্যারি রিড বলেছেন, “নির্বাচন শেষ, এখন সময় পরিবর্তনের। এখন কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং খুব দ্রুত ইতিবাচক ফলাফল নিয়ে আসা।”
প্রেসিডেন্ট বুশ বিজয়ের জন্য সিনেটর হ্যারি রিডকে অভিনন্দন জানিয়েছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো এ কথা জানিয়ে বলেন, আগামীকাল হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বুশের সঙ্গে হ্যারি রিডের বৈঠকের কথা রয়েছে। তিনি আরো জানান, মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট বুশ বলেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং ইরাকে গণতান্ত্রিক সরকারের সাফল্যের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের পরামর্শ বিবেচনার জন্য প্রস্তুত।
ইরাকে ক্রমবর্ধমান সহিংসতা ও হতাহতের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ইরাক নীতিতে পরিবর্তনের জন্য প্রেসিডেন্ট বুশকে চাপ দিতে ডেমোক্র্যাটরা এখন আরো সক্ষম। আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবে নতুন সিনেট। এর আগে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ বর্তমান সিনেটের একটি অধিবেশন বসতে যাচ্ছে আগামী সপ্তাহে। আর এতে কিছু বিল পাশ করিয়ে নেয়ার সুযোগ থাকছে প্রেসিডেন্ট বুশের।
এদিকে বুশ প্রতিনিধি পরিষদের সম্ভাব্য স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে হোয়াইট হাউসে একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। নির্বাচনের আগে ন্যান্সি বুশকে ‘মিথ্যুক’, ‘কাপড়বিহীন সম্রাট’ বলে অভিহিত করলেও বুশের আমন্ত্রণ ফেলে দেননি। বুশ তাদের আলোচনাকে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেছেন, “নির্বাচনের পর্ব শেষ, এখন সময় হয়েছে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা’।
বুশ আরও বলেন, “আমরা হয়তো প্রতিটি ইস্যুতে একমত হবো না। কিন্তু আমরা এক জায়গায় একমত যে, আমরা যুক্তরাষ্ট্রকে ভালবাসি এবং আমরা দেশটির ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন এবং দেশটির বড় বড় সমস্যাগুলো চিহ্নিত করতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।”
অন্যদিকে পেলোসি বলেছেন, “আমাদের মতভিন্নতাগুলো চিহ্নিত করে প্রেসিডেন্ট বুশের সঙ্গে একটা আস্থার জায়গায় পৌঁছে কাজ করার বিষয়টি আমি ভেবে দেখছি। তবে আমাদের পূর্বসূরিদের রেখে যাওয়া নীতিমালা থেকে বিচ্যুত না হয়ে মার্কিন জনগণের কল্যাণেই সব করবো।”
