অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন সমালোচকরা
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ইরাক নীতির একনিষ্ঠ সমর্থক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের ২০০৭ সালের নির্বাচনে অংশ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের ভোটারদের থেকে পাওয়া শিক্ষার প্রতি লক্ষ্য রাখা উচিত বলে মন্তব্য করেছেন সমালোচকরা।
ইরাকে যুদ্ধ চালিয়ে যাওয়ায় মার্কিন জনগণের মধ্যে সৃষ্ট ক্ষোভের কারণে মধ্যবর্তী নির্বাচনে বুশের নেতৃত্বাধীন রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদ ও কংগ্রেসে পরাজিত হন-হাওয়ার্ডকে সেকথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষক পল কেলি অস্ট্রেলিয়ার সংবাদপত্রে লেখেন, “ডুবন্ত একটি রাজনৈতিক জাহাজের অধিনায়ক হলেন জর্জ ডাব্লিউ বুশ। অস্ট্রেলিয়ার কাছে বার্তা হলো, যেসব নীতি বুশকে ডোবাবে সেসব নীতি নিয়ে যে হাওয়ার্ডও ডুবে যেতে পারেন সে ব্যাপারে সতর্ক থাকা।”
ডেমোক্রেটদের এ বিজয়কে বুশের যুদ্ধ নীতির বিরুদ্ধে তিরষ্কার হিসেবে উল্লেখ করে গ্রীন পার্টির সিনেটর বব ব্রাউন সতর্ক করে বলেন, এ ঘটনার পরবর্তী শিকার হতে পারেন হাওয়ার্ড।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর অস্ট্রেলিয়া সেখানে ১৫০০ সেনা পাঠায়। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে অস্ট্রেলিয়ার প্রতি তিনজনের একজন চায় সেনাদের দেশে ফিরিয়ে আনা হোক।
এরপরও ইরাক যতোদিন পর্যন্ত না নিজেদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবে ততোদিন পর্যন্ত হাওয়ার্ড সেদেশে তাদের সেনাদের রাখতে চাইছেন।
তবে বিরোধী দল লেবার পার্টি জানিয়েছে নির্বাচনে জয়ী হলেই তারা সেনাদের ফিরিয়ে আনবে।
দলটির নেতা কিম বেজলি বলেছেন, আমেরিকানদের মত অস্ট্রেলিয়ানরাও ইরাক যুদ্ধবিরোধী মনোভাব পোষণ করে।
অস্ট্রেলিয়ার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেসিডেন্ট বুশের ইরাক নীতি পরিবর্তন এবং তিনি যাতে এ সহিংসতা বন্ধে পদক্ষেপ নেন সেজন্য তাকে বাধ্য করতে মার্কিনীদের মধ্যে এক ধরনের দুর্দমনীয় আগ্রহ কাজ করেছে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি না অস্ট্রেলীয়রা এর ব্যতিক্রম। তারা মনে করে ইরাক যুদ্ধ একটি বড় ভুল যা তাদের নিরাপত্তা দেয়নি এবং তারা চায় এটি বন্ধের জন্য নেতারা কাজ করবেন।”
গবেষণায় দেখা গেছে লেবার পার্টি হাওয়ার্ডের ওপর আকস্মিক আক্রমণের পরিকল্পনা করছে। হাওয়ার্ড দশ বছর ধরে ক্ষমতায় থাকলেও সুদের হার ও জ্বালানির দাম বৃদ্ধি করায় মধ্যবিত্ত শ্রেণীর ভোটারদের সমর্থন হারিয়েছেন। তবে জনগণের মনোভাব বোঝার সক্ষমতার কারণে হাওয়ার্ড পরপর চারবার নির্বাচনে জয়ী হন।
এদিকে শুক্রবার স্থানীয় রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে হাওয়ার্ড বলেন, তিনি বিশ্বাস করেন অধিকাংশ অস্ট্রেলীয়ই চান না এখনই তিনি ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেন।
