২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থার অবসানে আশাবাদী রাশিয়া

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা শিগগিরই কেটে যাবে বলে আশাবাদী রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

তেহরানের মুখ্য আলোচক আলী লারিজানির মস্কো সফরের মধ্য দিয়েই অচলাবস্থা নিরসনে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।

আলী লারিজানির শুক্রবার মস্কোয় পৌঁছে রুশ নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ভিতালি চুরকিন নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, “ইরানের সঙ্গে রাশিয়ার বিদ্যমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে লারাজানির মস্কো সফরের মধ্য দিয়ে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা কাটার ব্যাপারে আমরা আশাবাদী। আর তা যদি হয়, তাহলে নিরাপত্তা পরিষদে এনিয়ে আমাদের আর বৃথা সময় দিতে হবে না। কী ঘটতে পারে-তা নিয়ে আমরা অপেক্ষায় থাকতে পারি না। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, সংশোধনী উত্থাপন করেছি এবং আলোচনাও করছি।”

তিনি আরো বলেন, “বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রের ঐকমত্য গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এর সমাধানে সবাইকে মতের দিক থেকে এক স্থানে আসতে হবে।

এদিকে সের্গেই লাভরভ মস্কোয় বলেছেন, ইরানের পরমাণু সংক্রান্ত অচলাবস্থা নিরসনের সর্বোত্তম পন্থা হচ্ছে তেহরানের সঙ্গে পরাশক্তিগুলোর বহুপাক্ষিক আলোচনা।

ভিতালি চুরকিন জানান, এদিকে মস্কো আলোচনার পাশাপাশি নিউইয়র্কে জতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। জাতিসংঘের বৃহস্পতিবারের অধিবেশনে আলোচনায় কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। এ বিষয়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন বলেছেন, “আমি মনে করি আলোচনায় অগ্রগতি হয়েছে এবং তা গঠনমূলক। আলোচনার ফলে আমাদের পারস্পরিক বোঝাপরাটা আরও মজবুত হয়েছে।”