তামিল টাইগারদের দুটি আত্মঘাতী নৌকা ডুবিয়ে দিয়েছে শ্রীলংকার সেনারা
তামিল টাইগারদের দুটি আত্মঘাতী নৌকা পূর্ব উপকূলে ডুবিয়ে দিয়েছে বলে শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার। দ্বীপ রাষ্ট্রটির উত্তরাঞ্চলে তামিল টাইগারদের ২২টি নৌযান ধ্বংস করে দিয়েছে বলে এক ঘোষণার কয়েক ঘন্টার পরই একথা জানানো হয়।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, তারা সকালে ক্রিনকোমালির পূর্ব দিকে দুটি আত্মঘাতী নৌকাকে আবিষ্কার করেন এবং তাদের লক্ষ্য করে গুলি চালালে নৌকা দুটিতে আগুন ধরে গিয়ে ডুবে যায়। নৌকা দুটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য ছিল এবং তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মুখপাত্রটি নিশ্চিত করেন।
তবে এ ব্যাপারে তামিল গেরিলারা এখনও কিছু জানায়নি।
এদিকে বৃহস্পতিবার উত্তর উপকূলে সংঘর্ষের পর থেকে শ্রীলংকার নৌবাহিনী তাদের দুটি হামলাকারী নৌযানের ক্রুদের উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে। ওই দুটি নৌযানের একটি ডুবে গিয়েছিল আর অপরটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এদিকে গত কয়েকদিনের হামলার ঘটনায় দ্বীপ রাষ্ট্রটিতে গত দুই দশক ধরে চলমান গৃহযুদ্ধ আবার নতুন রূপ নিতে পারে বলে আশংকা করা হচ্ছে।
