২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নির্বাচন: দুই দশকে ভোটদানে তরুণদের রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার তরুণরা ব্যাপকহারে ভোট দিয়েছে। আর এই ভোটের বেশিরভাগই পড়েছে ডেমোক্রেটদের বাক্সে। পরাজিত হয়েছে রিপাবলিকানরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Nov 2006, 02:29 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ইরাক যুদ্ধ নিয়ে অসন্তোষ আর ক্ষোভের কারণেই এবার এতো বেশি সংখ্যক তরুণ বুথের সামনে লাইন দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

তিরিশ বছর বয়সের নিচে ২৪ শতাংশ আমেরিকান, অর্থাৎ কমপক্ষে এক কোটি তরুণ মঙ্গলবারের নির্বাচনে ভোট দেয়। ২০০২ সালের মধ্যবর্তী নির্বাচনের চেয়ে এই হার চার পয়েন্ট বেশি। ‘সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড রিসার্চ অন সিভিক লার্নিং অ্যান্ড এনগেজমেন্ট’র গবেষণা বিষয়ক পরিচালক মার্ক লোপেজ বলেন, গত বিশ বছরের মধ্যে সম্ভবত এবারই প্রথম এতো বেশি সংখ্যক তরুণ ভোট দিল।

‘রক দ্যা ভোট’ নামের একটি সংস্থা জানায়, এবারের নির্বাচনে তরুণ ভোটাররা রিপাবলিকানদের চেয়ে শতাংশের হিসেবে ২২ পয়েন্ট বেশি ভোট দিয়েছে ডেমোক্রেটদের। অন্য ‘বয়স গ্রুপের’ ভোটারদের তুলনায় এই তরুণদের কাছ থেকে তিনগুণ বেশি ভোট পেয়েছে ডেমোক্রেটরা। আর এতেই রিপাবলিকানদের ভরাডুবি ঘটনোর মূল কাজটি হয়েছে।

নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ২১ বছর বয়সী ক্যাথরিন ফ্রাহের বলেন, এবারে ভোট কেন্দ্রগুলোতে তরুণদের ভিড় ছিল লক্ষণীয়।