পদত্যাগ করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রামসফেল্ড
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড পদত্যাগ করেছেন। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট দল জয়ী হওয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বুধবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সাংবাদিকদের তিনি বলেন, “এটি হবে ব্যতিক্রমী একটি কংগ্রেস,ব্যতিক্রমী রাজনৈতিক পরিবেশ। এ অবস্থায় পদত্যাগ করলেই তা সবার জন্য ভালো হবে বলে আমার মনে হয়েছে।”
রামসফেল্ড পদত্যাগ করায় সিআইএ এর সাবেক পরিচালক রবার্ট গেটস তার স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে গেটস দায়িত্ব না নেওয়া পর্যন্ত রামসফেল্ড তার পদে বহাল থাকবেন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ওয়ারনার আশা প্রকাশ বলেছেন আগামী সপ্তাহেই গেটস তার দায়িত্ব বুঝে নেবেন।
মঙ্গলবারের এ নির্বাচনের মাধ্যমে ১২ বছর ডেমোক্রেটরা আবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের উপর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। নির্বাচনে বুশের রিপাবলিকান দলের পরাজিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারন হল ইরাক যুদ্ধের প্রতি মার্কিনীদের অনাস্থা। তিন বছর ব্যাপী এ যুদ্ধে সহিংসতা দূর হয়নি। উল্টো এ পর্যন্ত প্রাণ দিতে হয়েছে ২,৮৯৯ জন মার্কিন সেনাকে।
২০০১ সালের জানুয়ারি মাসে বুশ প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে রামসফেল্ড প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করে এলেও ইরাক যুদ্ধের কারনে বিভিন্ন সময়েই সমালোচিত হয়েছেন। পাশাপাশি গুয়ানতানামো বে’র আবু গারিব কারাগারে বন্দীদের ওপর নির্যাতনেরও দায়ভারও তার মাথায় চাপে।
শুধু যে ডেমোক্রেটরাই রামসফেল্ডের সমালোচনা করেছিলেন তা নয়। রিপাবলিকান দলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার নেতৃত্বের যোগ্যতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। অবসর প্রাপ্ত সেনাকর্মকর্তারাও তার পদত্যাগ দাবী করেন এবং সেনাবাহিনীর নিয়ম কানুন লঙ্ঘনের অভিযোগ আনেন তার বিরুদ্ধে।
