রাসায়নিক দ্রব্য ভ্রুণ ও শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে
শিল্প কারখানার রাসায়নিক দ্রব্য গর্ভস্থ ভ্রুণের মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বাড়ন্ত শিশুর শিশুর মস্তিষ্কের বিকাশকেও তা বাধাগ্রস্ত করে। বুধবার এ তথ্য জানিয়েছেন লন্ডনের একদল গবেষক।
তবে কোন কোন রাসায়নিক পদার্থ ভ্রুণের মস্তিষ্কের বিকাশে প্রতিবন্ধকতা গড়ে তোলে সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি গবেষকরা। এ নিয়ে যথেষ্ট গবেষণাও হয়নি।
দু’একটি রাসায়নিক দ্রব্যের ক্ষতির ব্যাপারে নিশ্চিত হয়েছেন গবেষকরা। পারদ ও সীসার মতো পদার্থ মায়ের গর্ভের শিশুর মস্তিস্কের যথাযথ বিকাশকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে বলে জানিয়েছেন বোস্টন, ম্যাসাচুসেটস’র হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের গবেষক ফিলিপ্পি গ্র্যান্ডজিন।
এছাড়া, আরো প্রায় ২০০ ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ রয়েছে যা ভ্রুণের মস্তিষ্ক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর অথচ এসব রাসায়নিক পদার্থের ব্যবহারের ক্ষেত্রে কোনোধরণের নিয়ন্ত্রণ বজায় রাখা হয়না।
‘ল্যান্সেট মেডিকেল জার্নাল’ অনলাইনে একটি প্রতিবেদন ছেড়েছে। প্রতিবেদনটিতে গ্র্যান্ডজিন এবং নিউইয়র্কের মাউন্ট সিনাই স্কুলের ফিলিপ ল্যান্ডরিগান ২০২ ধরনের বিষাক্ত কেমিক্যালের কথা উল্লেখ করেছেন যা মানুষের মস্তিষ্কের বিকাশকে মারাত্মক বাধাগস্ত করে।
বিশ্বের কয়েক মিলিয়ন শিশু এই বিষাক্ত রাসায়নিক পদার্থের শিকার। এই শিশুদের মায়েরা গর্ভকালীন সময়ে কোনোভাবে এসব বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসেছিলেন। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সন্তানদের যথাযথ মানসিক বিকাশ।
এই শিশুরা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং বয়সের বিভিন্ন ধাপে মানসিক বুদ্ধির বিকাশগত সমস্যায় ভোগে।
“যেসব রাসায়নিক দ্রব্য পরিণত মানুষের মস্তিস্কের কর্মক্ষমতা বাধাগ্রস্ত করে তা অবশ্যই ভ্রুণের মস্তিষ্কের ক্রমবিকাশকে ঝুঁিকপূর্ণ করে তোলে। গর্ভবতী নারীর এসব বিষাক্ত রাসায়নিক দ্রব্যর সংস্পর্শ থেকে দূরে থাকা দরকার,” বলেন গ্র্যান্ডজিন।
