২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে চুক্তির কাছাকাছি পৌঁছেছে সরকার ও মাওবাদীরা

একটি শান্তি চুক্তিতে পৌঁছার লক্ষ্যে নেপালে মঙ্গলবার সরকার ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষের মধ্যস্থতাকারীরা জানান, বিদ্রোহীদের নিরস্ত্র করা ও রাজতন্ত্রের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা চুক্তি স্বাক্ষরের ‘খুব কাছে’ পৌঁছে গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2006, 12:53 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মাওবাদী নেতা প্রচণ্ড ও প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা মঙ্গলবারই ওই চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

এই আলোচনা দেশটিতে এক দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে উভয় পক্ষকে ঐকমত্যে পৌঁছাতে সাহায্য করবে বলে আলোচকরা আশা করছেন। সোমবারই চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও অস্থায়ী আইন পরিষদের ব্যাপারে মতৈক্য না হওয়ায় তা পিছিয়ে যায়।

বিদ্রোহী পক্ষের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা বলেন, চুক্তির বিষয়টি চূড়ান্ত বলেই ধরা যায়। কিন্তু ক্ষমতাসীন সাত দলীয় জোট প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সংসদে আরও বেশি আসন পাওয়ার জন্য নিজেদের মধ্যে দর কষাকষিতে ব্যস্ত ছিল। আজকেই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। আমরা কাজটি ফেলে রাখতে পারি না। তাতে অন্যদের মধ্যে সন্দেহ তৈরি হতে পারে।

সরকার পক্ষের আলোচক জুনিয়র শ্রমমন্ত্রী রমেশ লেখক বলেন, আমি নিশ্চিত যে চুক্তিটি আজই স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, শান্তি চুক্তিতে অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ছাড়াও একটি অস্থায়ী সংসদ ও একটি অন্তবর্তী সরকারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি কয়েক দফা আলোচনা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ সৃষ্টির পর বিদ্রোহীরা তাদের ৩৫ হাজার সদস্যবিশিষ্ট সশস্ত্র বাহিনীকে নিরস্ত্র করতে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে অন্ত্র জমা দিতে রাজি হয়। এক্ষেত্রে সরকার পক্ষও সমসংখ্যক অস্ত্র অস্ত্রভাণ্ডারে ফিরিয়ে নিতে রাজি।

বিদ্রোহী পক্ষের আলোচক মাহারা বলেন, আমরা শান্তি আলোচনাকে এগিয়ে নিতে অনেক ছাড় দিয়েছি। এখন রাজনৈতিক দল ও সরকারকে তাদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলার সময় এসেছে।