২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামকে মৃত্যুদন্ড দেয়ার পর বাগদাদে চলছে কারফিউ

বাগদাদে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে। বিশেষ ইরাকি ট্রাইবুনালে দেওয়া সাদ্দামের মৃত্যুদন্ডের রায়ে সমগ্র ইরাক বিশেষ করে রাজধানী বাগদাদে ভয়াবহ সংঘাত ও দাঙ্গা ছড়িয়ে পড়ার আশংকায় গতকাল থেকে সেখানে সান্ধ্য আইন জারি রেখেছে ইরাকি সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এদিকে জরুরি অবস্থা চলাকালীন বাগদাদে নিহত হয়েছে তিন মার্কিন সৈন্য।

আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কংগ্রেস নির্বাচন। এবারের নির্বাচন পূর্ব বিভিন্ন জনমত জরিপে ইরাকে অবৈধ যুদ্ধ পরিচালনার দায়ে অভিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বুশ রয়েছেন বেশ চাপের মুখে। ইরাক যুদ্ধে তার ভূমিকা বারবার হয়েছে প্রশ্নবিদ্ধ।

আর তাই নির্বাচনের প্রাক্কালে রোববার যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি বিশেষ ট্রাইবুনালে দেওয়া সাদ্দামের মৃত্যুদন্ডের রায়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করে বুশ এই রায়কে ‘মাইলফলক’ এবং নিজেদের ‘বিজয়’ বলে উল্লেখ করেছেন।

রায় সম্পর্কে তিনি বলেন, “এই রায় একটি ঐতিহাসিক মাইলফলক যা ইরাকি জনগণেরও বিজয়। তারা একজন স্বৈরশাসককে উৎখাত করে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং জয়ী হয়েছে তারা।

উল্লেখ্য, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়।

এদিকে, রাজধানী বাগদাদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে রোববার থেকে জারিকৃত সান্ধ্য আইন সহিংসতা ও দাঙ্গা নিয়ন্ত্রণে রাখায় বেশ কাজ দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।

ইরাক সরকারের একজন মুখপাত্র মন্তব্য করেছেন, ‘বোমার চেয়ে কারফিউ ভালো।’

বাগদাদের উত্তর-পূর্বে অবস্থিত শিয়া-সুন্নি অধ্যুষিত বাকুবা শহরে সাদ্দাম সমর্থকদের প্রতিবাদ-বিক্ষোভে ইরাকি পুলিশ ও সেনাবাহিনী নির্বিচারে গুলি চালালে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

এছাড়া, বিক্ষুব্ধ পশ্চিম আনবার প্রদেশে নিহত হয়েছে তিন মার্কিন সেনা।