ভারতে অ্যাঞ্জেলিনা জোলির দূতিয়ালি
শরণার্থী সমস্যা এবং বিশ্বব্যাপী সংঘাত ও রক্তপাত নিরসনে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং ভারতের জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী আনন্দ শর্মা। রোববার আনন্দ শর্মার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আবেদনময়ী এই অভিনেত্রী।
জাতিসংঘের হাই কমিশনার ফর রিফিউজি’র শুভেচ্ছা দূত জোলি এর আগে শনিবার নয়াদিল্লিতে বসবাসরত আফগান ও মিয়ানমারের শরণার্থীদের সাথে দেখা করেন।
আনন্দ শর্মার কাছে অকপটে নিজের উপলব্ধি তুলে ধরেন জোলি বলেন,
“ভারতে শরণার্থীদের সাথে কথা বলার পর আমি একটি চমৎকার সত্যকে চিনেছি। তা হচ্ছে, নিজের অনেক প্রয়োজন ও চাহিদা থাকা সত্ত্বেও অন্যের জন্য কিছু করা। ভারতের দুঃস্থ ও গরীব মানুষের প্রয়োজন ও অভাব পূরণের পাশাপাশি শরণাথীদের বিষয়ে আপনাদের উদার মনোভাব আমাকে মুগ্ধ করেছে।”
সহিংসতা ও দ্বন্দ্ব-সংঘাত বন্ধে মহাত্মা গান্ধীর জীবন দর্শন এখনো সমান কার্যকর হতে পারে বলে মনে করছেন শর্মা এবং জোলি। মহাত্মা গান্ধীর পাশাপাশি তারা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েও আলাপ করেছেন-সাংবাদিকদের একথা জানিয়েছেন আনন্দ শর্মা।
সঙ্গী এবং অভিনেতা ব্রাড পিটের সাথে নতুন ছবি ‘অ্যা মাইটি হাটের্’র শুটিংয়ের জন্য জোলি ও পিট এখন ভারতে রয়েছেন। পুনাতে ছবিটির শুটিং চলছে। ছবিটি তৈরি হচ্ছে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্ল’র জীবন নিয়ে। ২০০২ সালে করাচিতে পার্লকে হত্যা করা হয়। আর ছবিটি নির্মাণ করছেন ব্রাড পিট স্বয়ং। জোলি অভিনয় করছেন পার্লের স্ত্রীর চরিত্রে।
