২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Nov 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত ইরাকি আদালত রোববার এই রায় ঘোষণা করেন। ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হবে। দুজাইল হত্যাকাণ্ডের মামলায় মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে সাদ্দাম হোসেনকে দোষীসাব্যস্ত করা হয়।

রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলেন, ‘ আল্লাহু আকবর! ইরাক দীর্ঘজীবী হোক।’

১৯৮২ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাণনাশের চেষ্টার অভিযোগে ১৪৮ জন শিয়া মুসলমানকে হত্যাকাণ্ডের ঘটনায় ‘দুজাইল হত্যা মামলা’ দায়ের করা হয়। বিচারক এই মামলায় সাদ্দামের সৎ ভাই, গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান বারজান ইব্রাহিম আল-তিকরিতি এবং তৎকালীন ‘রিভোলিউশনারি চিফ জাজ’ আওয়াদ আওয়াদ হামাদ আল-বান্দারকেও মৃত্যুদণ্ড দিয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ইরাকের সাবেক ভাইস প্রেসিডেন্ট তাহা ইয়াসিন রামাদানকে। বাকি তিনজনকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এরা সাদ্দামের বাথ পার্টির কর্মকর্তা।

রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বাগদাদে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। রাজধানীর দুটি আবাসিক এলাকায় সুন্নিরা মার্কিন ও ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

তবে শিয়ারা রাস্তায় নেমে নেমে এসে আনন্দ-মিছিল বের করে। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির মুখপাত্র আলি আল দাব্বাগ বলেছেন, ‘খুব কম হলেও মৃত্যুদণ্ডের শাস্তিই সাদ্দামের প্রাপ্য ছিল।’

সাদ্দামের আইনজীবীরা বলেছেন, যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান দলকে উজ্জীবিত করতে হিসেব করে রায় দেয়ার এই সময় বেছে নেয়া হয়েছে।’

রায় ঘোষণার সময় ৬৯ বছর বয়সী সাদ্দাম প্রথমে বিচারক রউফ আবদুল রহমানের সামনে দাঁড়াতে অস্বীকার করেন। পরে তিনি দুর্বল পায়ে অনেক কষ্টে কাঠগড়ায় দাঁড়ান। দণ্ড ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে চিৎকার করে উঠেন।

সাদ্দাম এর আগে আদালতে বলেছিলেন, তাকে মৃত্যুদন্ড দেয়া হলে তিনি ফায়ারিং স্কোয়াডে মরতে চান। কিন্তু বিচারক তার সেই চাওয়া অগ্রাহ্য করে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার রায় দেন। ৪৫ মিনিটের মধ্যে রায় দেয়ার কাজটি শেষ করেন বিচারক।