আইনের ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এই রায়
‘কোন ব্যক্তি অন্য ব্যক্তির চোখ তুলে নিলে সে ব্যক্তিরও চোখ তুলে নেওয়া হবে, কোন ব্যক্তি অন্য ব্যক্তির হাত ভেঙ্গে দিলে তার হাতও ভেঙ্গে দেওয়া হবে।’
ইরাকের বিচারব্যবস্থার ইতিহাস জানতে হলে প্রায় চার হাজার বছর পেছনে যেতে হবে যখন বিচার কাজে ব্যাবলনীয় হাম্মুরাবি কোড ব্যবহার করা হত। বাইবেলে বিচারের যে পদ্ধতি বাতলে দেওয়া আছে এ বিচারও মূলত সে ভাবেই করা হতো । আর সেটি হল ‘চোখের বদলে চোখ’। রোববার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণার মাধ্যমে ইরাকীরা বিচার ব্যবস্থায় নতুন আরেকটি একটি অধ্যায় যোগ করছে।
১৯৮২ সালে সাদ্দামের প্রাণনাশের চেষ্টা করায় দুজাইল শহরের ১৪৮ জন শিয়া মুসলমানদের হত্যার যে অভিযোগ রয়েছে সাদ্দাম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে, রোববার তার রায় ঘোষণায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সাদ্দামসহ তিনজনকে। এই রায় মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক যোগ করছে বলে আইনজ্ঞরা মনে করছেন। ৬০ বছর আগে নুরেমবার্গে নাৎসি নেতাদের বিচারের পর আর কোন রায়ই মাইলফলক হিসেবে বিবেচিত হয়নি।
যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক অধ্যাপক মাইকেল স্কার্ফ, বলেন, ‘ইতিহাসে দুজাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্থান পেতে যাচ্ছে।’ ইরাকী বিচারকদের প্রশিক্ষণ দানকারী এই অধ্যাপক অবশ্য এই বিচার প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ চলার সময় তখনকার ইরাকের প্রেসিডেন্ট হিসেবে সাদ্দামের আইনত অধিকার ছিল ইরান সমর্থিত দুজাইলের ওই শিয়া মুসলমান ‘সন্ত্রাসী’ দের বিরুদ্ধে যুদ্ধ করা।’ তিনি আরো বলেন, ঠিক একই রকম যুক্তিতে প্রেসিডেন্ট বুশও যুদ্ধকে সমর্থন করে যাচ্ছেন এবং কোন বিচার ছাড়াই গুয়ানতানামো বে কারাগারে কথিত অপরাধীদের বন্দী করে রাখার জন্য একই যুক্তি দেখিয়েছেন।
দিত্বীয় বিশ্বযুদ্ধের পর নাজি নেতাদের বিরুদ্ধে যে বিচার করা হয়েছিল তার উল্লেখ করে তিনি বলেন,“নুরেমবার্গ ঘটনার পর এমন যুক্তি আর কখনও আমরা শুনিনি।”
অন্য আইনজ্ঞরা বলেন এ মামলাটা এতটাই ভুুলে ভরা যে এর রায়টি ’জয়ের রায়’ ছাড়া বেশি কিছু নয়।
উল্লেখ্য এক বছর আগে এ বিচারকার্য শুরু হওয়ার পর থেকে সাদ্দামের পক্ষের তিন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং সাবেক প্রধান বিচারক রাজনৈতিক হস্তক্ষেপের কারনে সরে দাঁড়িয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুইদিন আগে এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা নিয়েও রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে প্রশ্ন উঠেছে।
সাদ্দাম ও তার আইনজীবীরা এ বিচারকার্যকে প্রতারনা আখ্যায়িত করে তা খারিজ করে দিয়েছেন এবং বলেছেন আমেরিকানরা রায়ের ক্ষেত্রে জালিয়াতি করেছে।
